বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ নানা সংকট রয়েছে। বিভিন্ন অফিস, বোর্ড, জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজ করতে হিমশিম খেতে হয় কলেজ কর্তৃপক্ষকে।
জানা গেছে, কয়েকটি বিষয়ের দুই জন শিক্ষকের প্রাপ্যতা থাকলেও আছে একজন করে। তাছাড়া সমাজকর্ম, মার্কেটিং, জীববিজ্ঞান, সাধারণ ইতিহাস ও আইসিটি বিষয়ের শিক্ষকদের পদ শূন্য রয়েছে। এছাড়াও শরীরচর্চা শিক্ষক, প্রধান অফিস সহকারী, আফিস সহকারী, হিসাবরক্ষক, কম্পিউটার অপারেটরের মতো গুরুত্বপূর্ণ পদগুলো দীর্ঘদিন ধরে শূন্য। অন্যদিকে বেয়ারা, অফিস সহায়ক ও ঝাড়ুদার সংকট রয়েছে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর জসীম উদ্দিন নানা সমস্যার কথা স্বীকার করে বলেন, ‘এনাম কমিশনের সুপারিশ অনুযায়ী প্রতিটি সরকারি ডিগ্রি কালেজে প্রত্যেক বিষয়ে চারটি পদ থাকার বিধান থাকলেও অধিকাংশ বিষয়ের শিক্ষক পদ আছে মাত্র একজন, যা আবার শূন্য। অন্যদিকে কলেজে শিক্ষকদের জন্য নেই কোনো ডরমেটরি বা আবাসন ব্যবস্থা। ফলে কর্মরত দূরের শিক্ষকরা তাদের আগ্রহ হারিয়ে অন্যত্র বদলির চেষ্টা করছেন। এ বিষয়ে বিভিন্ন প্রতিবেদনে সব সংকটের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও খুব একটা লাভ হচ্ছে না।’
কলেজের দ্বাদশ শ্রেণির হিরা মনি, লিপি ও সুমাইয়া জানান, তারাসহ অধিকাংশ ছাত্রছাত্রী অনেকদূর থেকে কলেজে আসেন। নিজস্ব পরিবহন ব্যবস্থা না থাকায় কলেজে আসতে অনেকটা সময় চলে যায় পথে।
দ্বাদশ শ্রেণির ছাত্র রবিউল ইসলাম জানান, কলেজে একটি ছাত্রাবাস আছে যা ব্যবহারের অনুপযোগী। বিদ্যুত্ সংযোগ নেই, পানির ব্যবস্থা নেই, পরিচর্যার কেউ নেই।
একাদ্বশ শ্রেণির ছাত্র যাকারিয়া মাহামুদ জানান, আমাদের কলেজ ক্যাম্পাসে সুপেয় পানির ব্যবস্থা নেই, নেই পর্যাপ্ত শৌচাগার, নেই কোনো কেন্টিন ব্যবস্থা।
দ্বাদশ শ্রেণির ছাত্রী হাফসা আক্তার জানান, প্রায় ১ হাজার ছাত্রীদের একটি কমনরুম যা কোনো অবস্থাতেই পর্যাপ্ত নয়। এছাড়াও এ কমনরুমে নেই কোনো দৈনিক পত্রিকা কিংবা ইন্ডোর গেম।
কলেজের পদার্থ বিজ্ঞান বিষয়ের প্রভাষক শিক্ষক পরিষদের সম্পাদক মিঠুন কুমার বসু জানান, আমাদের কলেজে শিক্ষক সংকটে পড়ালেখা বিঘ্নিত হচ্ছে এবং অনাকাঙ্ক্ষিতভাবে ছাত্রছাত্রী পড়ালেখার প্রতি মনোনিবেশ হারিয়ে ফেলছেন।
স্থানীয় সংসদ সদস্য নাসরিন জাহান রতনা বলেন, ‘কলেজের সার্বিক সমস্যা সম্পর্কে আমি অবগত আছি। যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করব।’
