অ্যাসিড নিক্ষেপ মামলার প্রধান আসামি গ্রেফতার

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ২১:১২

সাতক্ষীরার আশাশুনির চাপড়া গ্রামে স্ত্রী ও শিশুকন্যাকে অ্যাসিড নিক্ষেপ মামলার প্রধান আসামি শাহজাহান মোড়লকে ঢাকার গেন্ডারিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত শাহজাহান মোড়লের বাড়ি নড়াইল জেলার পংকবিলা গ্রামে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অ্যাসিড নিক্ষেপের কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। 

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, চলতি মাসের ২১ তারিখ রাতে আশাশুনি উপজেলার চাপড়া গ্রামে সাবেক স্ত্রী ফাতেমা খাতুন ও শিশুকন্যা জাকিয়াকে অ্যাসিড নিক্ষেপে ঝলসে দেয় তালাকপ্রাপ্ত স্বামী শাহাজাহান মোড়ল।