গাইবান্ধায় উদীচীর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গাইবান্ধা প্রতিনিধি ‘অশুভ বিনাশী অভিযাত্রায়, মিলি একসাথে’ এই স্লোগানে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার পালন করেছে গাইবান্ধা জেলা সংসদ। সকালে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন উদীচীর গাইবান্ধার জ্যেষ্ঠ সদস্য শাহ মশিউর রহমান ও প্রমতোষ সাহা। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে এসে শেষ হয়। সন্ধ্যায় জেলা শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে উদীচী জেলা সংসদ, সুন্দরগঞ্জ ও দারিয়াপুর শাখা।
আগৈলঝাড়ায় মানসিক ভারসাম্যহীন
গৃহবধূকে পরিবারের কাছে হস্তান্তর
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা আগৈলঝাড়ায় মানসিক ভারসাম্যহীন গৃহবধূকে উদ্ধারের পর মঙ্গলবার তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। থানার এসআই জামাল হোসেন জানান, সোমবার রাতে উপজেলার দক্ষিণ বড়মগড়া মধু বাড়ির সামনে থেকে মানসিক ভারসাম্যহীন এক গৃহবধূকে উদ্ধার করেন তিনি। রাতে থানায় জিজ্ঞাসাবাদে ঐ গৃহবধূ নিজেকে গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের সৈয়দ ফজলুল হকের স্ত্রী মিতু বেগম বলে জানান। মঙ্গলবার সকালে এসআই জামাল হোসেন মিতু বেগমের পরিবার স্বজনদের খুঁজে বের করেন। মিতু বেগমের ছেলে সৈয়দ ফাহিমসহ স্বজনরা সকালে থানায় এলে তাদের কাছে মিতু বেগমকে হস্তান্তর করেন তিনি।
১৭ জনকে আর্থিক সহায়তার চেক বিতরণ
রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ীর পাংশা উপজেলায় জন্মগতভাবে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় মঙ্গলবার ১৭ জনকে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে এ চেকগুলো বিতরণ করা হয়। উপকারভোগীদের হাতে চেক তুলে দেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম।
বিনা ধানের শস্য কর্তন ও মাঠ দিবস
স্টাফ রিপোর্টার, রংপুর লাভজনক শস্যবিন্যাস প্রবর্তন শীর্ষক পরীক্ষণে বিনা শীর্ষক প্রচার ও সম্প্রসারণের জন্যে রংপুরে মঙ্গলবার দুপুরে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রংপুর সদর উপজেলার মোক্তারপাড়া গ্রামে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিনা ময়মনসিংহ-এর উদ্ভিদ প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ঐ প্রকল্পের কো-অর্ডিনেটর ড. মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ রিয়াজ উদ্দিন।
বাকশিসের মতবিনিময় সভা
মুলাদী (বরিশাল) সংবাদদাতা মুলাদীতে মঙ্গলবার বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আরিফ মাহমুদ ডিগ্রি কলেজ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুলাদী উপজেলা বাকশিস সভাপতি অধ্যক্ষ মো. কবির হোসেন খান। প্রধান অতিথি ছিলেন আরিফ মাহমুদ ডিগ্রি কলেজের সভাপতি সাবেক সচিব ইতিহাসবিদ সিরাজ উদ্দীন আহমদ।
যৌন ও প্রজনন স্বাস্থ্য উন্নয়ন সভা
বরগুনা (উত্তর) প্রতিনিধি জেলা পর্যায়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক কমিটির সভা মঙ্গলবার সিভিল সার্জনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহীন খানের সভাপতিত্বে সভায় জেলার স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয়বস্তু উপস্থাপন করেন ইউএনএফপিওর প্রতিনিধি মো. কামরুজ্জামান। বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন শীল, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন প্রমুখ।
মতবিনিময় সভা
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা উলিপুর উপজেলা পর্যায়ে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মঙ্গলবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলা প্রকল্পের আয়োজনে এবং এমজেএসকেএসর বাস্তবায়নে উপজেলা পরিষদ সভাকক্ষে এর আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হেসেন মন্টু।
শিক্ষক-শিক্ষার্থীদের আনন্দ শোভাযাত্রা
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা ঈশ্বরদীতে নতুন এমপিওভুক্ত ছয়টি স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মঙ্গলবার আনন্দ শোভাযাত্রা ও পথসভা করেছেন। মুলাডুলি কলেজ, গোপালপুর টেকনিক্যাল বিএম কলেজ, ঈশ্বরদী বিএম কলেজ, মানিকনগর উচ্চ বিদ্যালয়, সাঁড়া গোপালপুর উচ্চ বিদ্যালয় ও শ্যামপুর আলহেরা দাখিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এ সময় পথসভায় বক্তব্য রাখেন মুলাডুলি কলেজের অধ্যক্ষ এনামুল হক পাঠান, অধ্যক্ষ আরজাহাত আলী প্রমুখ।
অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার শীর্ষক মতবিনিময়
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা বড়াইগ্রামে মঙ্গলবার মেয়াদোত্তীর্ণ ওষুধের ব্যবস্থাপনা, অনুমোদনহীন ওষুধ বিক্রি বন্ধ এবং অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বড়াইগ্রাম পৌরসভা মিলনায়তনে উপজেলা ওষুধ বিক্রেতা সমিতির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির সোলায়মান আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ওষুধ তত্ত্বাবধায়ক মাখনুওন তাবাসসুম। বিশেষ অতিথি ছিলেন জেলা ওষুধ বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বেল্টু, উপজেলা ওষুধ বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল প্রমুখ।
জেলা মোটর মালিক সমিতির নতুন কমিটির অভিষেক
গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা জেলা মোটর মালিক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ২০১৯-২২ এর অভিষেক মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
সংগঠন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির সভাপতি কাজী মকবুল হোসেন মুকুল ও সাধারণ সম্পাদক এস এম নাজিবুর আমিন নান্নুসহ নবনির্বাচিত ১১ কর্মকর্তা ও সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আব্দুল মতিন।
বাতিঘরের কমিটি গঠন
নরসিংদী প্রতিনিধি নরসিংদীর বাতিঘরের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার রাতে নরসিংদী প্রেসক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন নরসিংদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিবারণ চন্দ্র রায়, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যাপক ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস প্রমুখ। পরে সর্বসম্মতিক্রমে নরসিংদী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তারেক মোহাম্মদ লুত্ফর রহমান সরকারকে সভাপতি এবং নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাতিঘরের স্বপ্নদ্রষ্টা মো. মাজহারুল পারভেজ মন্টিকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
শিশু ধর্ষকের শাস্তি দাবি
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা মেলান্দহে শিশু ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের শাস্তি দাবিতে মঙ্গলবার মানববন্ধন করেছে স্কুলের শিক্ষার্থীরা।
মেলান্দহ-দেওয়ানগঞ্জ মহাসড়কের শিমুলতলা এলাকায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ধর্ষিতা শিশুর বাবা সজিব আকন্দ, স্থানীয় ইমরান হোসেন বাবুল প্রমুখ। গত ২০ অক্টোবর উপজেলার শাহাজাতপুরে সাড়ে চার বছরের শিশুকে আখ খেতে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়।
মহিলা সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার মতলব উত্তর উপজেলার সর্দারকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সামনে রেখে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল।
