দরপতন থামছে না পুঁজিবাজারে

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ২১:১৫

নানা উদ্যোগেও দরপতন থামছে না দেশের পুঁজিবাজারে। ফলে দিনে দিনে মূলধন হারিয়ে তলানিতে এসে ঠেকেছে বাজার মূলধন। সর্বশেষ গতকাল টানা তৃতীয় দিনের মতো সূচক কমেছে দেশের দুই বাজারেই। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ৪ হাজার ৬৭০ পয়েন্টে। চলতি সপ্তাহের টানা তিন দিনে ডিএসইর সূচক কমেছে ১০১ পয়েন্ট।  গতকাল ডিএসইতে মোট লেনদেনের হয়েছে ৩৫৮ কোটি ১৮ লাখ টাকা। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো : ন্যাশনাল টিউবস, সোনারবাংলা ইনসিওরেন্স, মুন্নু সিরামিকস, লিগেসী ফুটওয়্যার, স্কয়ার ফার্মা, ফরচুন সুজ, ভিএফএস থ্রেড, স্ট্যান্ডার্ড সিরামিকস, সিলকো ফার্মা ও গোল্ডেন হারভেস্ট।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : আলিফ ইন্ডাস্ট্রিজ, জিকিউ বলপেন, কপারটেক ইন্ডাস্ট্রিজ, মিরাকেল ইন্ডাস্ট্রিজ, ইয়াকির পলিমার, সিমটেক্স, ফার কেমিক্যাল, কে অ্যান্ড কিউ ও স্টাইল ক্র্যাফট। অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : ইনটেক লিমিটেড, উসমানিয়া গ্লাস, তসরীফা ইন্ডাস্ট্রিজ, জাহিন টেক্স, ইমাম বাটন, গ্লোবাল হেভী, লিগেসী ফুটওয়্যার, শাইনপুকুর সিরামিকস, আমান ফীডস ও মেঘনা কনডেন্সড মিল্ক।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৮৪ পয়েন্টে।