পুরো প্রথমার্ধ জুড়ে ছিলেন নিষ্প্রভ, দলও ছিল বড়ো বিবর্ণ। এক মুহূর্তের জন্যে জ্বলে উঠলেন লি টাক, তাতেই শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের দ্বিতীয় সেমিফাইনালে মোহনবাগানের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে তেরেঙ্গানু।
অথচ শুরুটায় কী ছন্নছাড়াই না ছিল মালয়েশিয়ান দলটি ! দশম মিনিটে দানিয়েল সাইরাসের ক্রসে করা ফ্রান্সিসকো হাভিয়েরের হেড রুখে দেন তেরেঙ্গানু গোলরক্ষক। ১৮ মিনিটে দারুণ সংঘবদ্ধ আক্রমণ শেষে হোসেবা বেইতিয়ার নেওয়া শটও লক্ষ্যভ্রষ্ট হয়।
শুরুতে নিজেদের ছায়া হয়ে থাকা তেরেঙ্গানু দারুণ সুযোগ পায় ২১তম মিনিটে। তবে লি টাকের ক্রসে মাথা ছোঁয়াতে ব্যর্থ হন ব্রুনো সুজুকি। এর কিছু পরে এগিয়েই যেতে পারত তারা। রাহমাত বিন মাকাসুফের কাটব্যাকে করা জুসাইরাফ বিন জুলকিফলের শট গোলপোস্টের অনেক ওপরে দিয়ে যায়। প্রতি আক্রমণে মাঠের অন্যপ্রান্তেও দেখা যায় একই দৃশ্য। এবার সুহাইর ভাদাক্কেপিদিকার শট লক্ষ্যভ্রষ্ট হয়।
প্রথম আধঘণ্টায় নিষ্প্রভ ছিলেন তেরেঙ্গানু অধিনায়ক। তাতে নিষ্প্রভ ছিল দলও। ৩৯ মিনিটে স্বরূপে ফিরলেন লি টাক, তাতেই ভাঙল ম্যাচের অচলায়তন।
বক্সের একটু সামনে পাওয়া ফ্রি কিকটি রক্ষণ দেওয়ালের নিচ দিয়ে মেরে চলতি আসরের চতুর্থ গোলটি করেন তিনি? তবে পিছিয়ে পড়েও পরের মিনিটেই সমতা ফেরাতে পারত মোহনবাগান। হোসেবা বেইতিয়ার কাটব্যাকে রক্ষণ ছেড়ে ওপরে উঠে আসা দানিয়েল সাইরাসের শট লক্ষ্যভ্রষ্ট হলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে কলকাতার দলটি।
