চট্টগ্রামের রোমাঞ্চকর জয়

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ২১:২১

দুই দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পরও রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে জয়ের মুখ দেখল চট্টগ্রাম। জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় টায়ারের ম্যাচে গতকাল শেষ দিনে মেহেদী হাসান রানার ৫ উইকেটে দ্বিতীয় ইনিংসেও ধসে গেল সিলেট। দুই দিনের লড়াইয়ে জয় তুলে নিল মুমিনুল হকের দল। জয়ের ব্যবধান ছিল নয় উইকেটের।

তৃতীয় দিনে ইফরান হোসেনের ছয় উইকেটে প্রথম ইনিংসে সিলেটকে অল্প রানে গুটিয়ে দেওয়ার পর পিনাক ঘোষের সেঞ্চুরিতে লিড নেয় চট্টগ্রাম। আর শেষ দিনে আরেক পেসার মেহেদী হাসান রানার ঝড়ে নিশ্চিত হয় জয়। সিলেটকে দ্বিতীয় ইনিংসে ১০৯ রানে গুটিয়ে দিয়ে নাটকীয় জয় তুলে নেয় তারা। চলতি আসরে এটাই তাদের প্রথম জয়।

মঙ্গলবার প্রথম ইনিংসে ৬ উইকেটে ১৯১ রান নিয়ে দিন শুরু করে চট্টগ্রাম। উইকেটকিপার-ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কনের ২৯ রানে ভর করে ৯ উইকেটে ২২৯ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা। ৮৬ রান খরচায় ৪ উইকেট তুলে নেন সিলেটের জাতীয় দলের পেসার আবু জায়েদ।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই চট্টগ্রামের পেসারদের তোপের মুখে পড়ে সিলেট। দুই অঙ্কে পৌঁছাতে পারেন মাত্র তিন ব্যাটসম্যান। মাত্র ২৯ রানে শেষ ছয় উইকেট হারায় তারা। মেহেদী হাসান রানার ৫ উইকেটের পাশাপাশি দুটি করে উইকেট নেন অন্য দুই পেসার হাসান মাহমুদ ও ইফরান হোসেন।

ছোট লক্ষ্য তাড়ায় শুরুতেই ফেরেন চট্টগ্রামের ওপেনার সাদিকুর রহমান। দ্বিতীয় উইকেটে ২৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ইরফান শুক্কুর ও পিনাক ঘোষ। ইরফান ২৬ ও পিনাক ১০ রানে অপরাজিত থাকেন।

এদিকে বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে আক্রমণাত্মক ব্যাটিংয়ে দেড়শ রান করলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। লাঞ্চের পর ১৩৫ বলে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ২১তম সেঞ্চুরি তুলে নেন আশরাফুল। ২০১১ সালের পর এই প্রথম জাতীয় লিগে পেলেন সেঞ্চুরির দেখা। সেবারে ঢাকা মেট্রোর হয়ে চট্টগ্রামের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান।

এই সংস্করণে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে আশরাফুলের চেয়ে বেশি সেঞ্চুরি আছে শুধু তুষার ইমরান (৩১) ও নাঈম ইসলামের (২৬)। সমান ২০টি করে সেঞ্চুরি নিয়ে ঠিক পেছনেই আছেন তিন জন (অলক কাপালী, মুমিনুল হক ও এনামুল হক)।

শেষ দিনে ৫ উইকেটে ৩১২ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে বরিশাল। মেট্রো ১২ ওভারে বিনা উইকেটে ৩৪ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল।