ইউরোপীয় ইউনিয়নের ২০ জন সাংসদ, যারা বেশির ভাগই ডানপন্থি দল থেকে আসা, তারা জম্মু ও কাশ্মীরে প্রবেশ করেছেন। এদিকে ভারতের বিরোধী দল প্রশ্ন তুলেছে, কেন ইইউ সাংসদদের রাজ্যে প্রবেশাধিকার দেওয়া হয়েছে?
বিরোধী মঞ্চের সুরে সুর মিলিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীও। দেশের রাজনীতিবিদদের প্রবেশ করতে না দিয়ে ইউরোপীয় ইউনিয়নের সাংসদদের জম্মু-কাশ্মীরে প্রবেশ করতে দেওয়ার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে সুর চড়িয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। এই উদ্যোগকে ‘অনন্য জাতীয়তাবাদ’ বলেছেন প্রিয়াঙ্কা। ‘ইউরোপীয় ইউনিয়নের সাংসদদের অনুমতি রয়েছে কাশ্মীরে প্রবেশ করার, সেখানে ঘুরে দেখার এবং হস্তক্ষেপ করার; অথচ দেশের সাংসদ, নেতাদের অনুমতি নেই সেখানে প্রবেশ করার, এমনকি কাশ্মীরে পৌঁছে বিমান থেকে নামার পরই তাদের সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়। এটিকে অন্যরকমের জাতীয়তাবাদ বলে হিন্দিতে টুইট করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক।
গত ২৫ আগস্ট বিরোধী সাংসদদের একটি প্রতিনিধিদল, যার নেতৃত্বে ছিলেন রাহুল গান্ধী, ঘোষণা করেন যে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সেখানকার মানুষের কঠিন পরিস্থিতি স্বচক্ষে দেখতে তারা জম্মু-কাশ্মীরে যাবেন, কিন্তু শ্রীনগর বিমানবন্দর থেকেই তাদের ফিরিয়ে দেওয়া হয়।
