ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যার বিচারে বেজায় খুশি জনতা। খুবই অল্প সময়ের মধ্যে মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যার ১৬ আসামির সকলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তাই আমরা চাই—বিগত দিনে নুসরাতের মতো আরো যারা এরকম নরপিশাচদের দ্বারা হত্যার শিকার হয়েছে, তাদের বিচারও দ্রুত কার্যকর করা হোক। যাতে আর কখনো কোনো অপরাধী রাজনৈতিক দলের সাইনবোর্ড লাগিয়ে অপরাধ করতে না পারে। আমরা অপরাধমুক্ত বাংলাদেশ চাই। বহির্বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল খেতাব অর্জন করেছে; এ খেতাবে কোনো দাগ লাগাতে চাই না। আমরা যারা যুবক তারা স্বপ্ন দেখি—আগামী ৩০ বছরের মধ্যে আমার দেশ হবে পৃথিবীর সেরা দেশ। তাই উন্নয়নের অগ্রগতির সঙ্গে সঙ্গে কলঙ্কগুলোকেও মুক্ত করুন। তাহলেই আমরা পাব আমাদের স্বপ্নের বাংলাদেশ।
মো. তাইমুন ইসলাম রায়হান
রাঙ্গাবালী, পটুয়াখালী
