বিএনপির এমপি হারুনের জামিন স্থগিত চেয়ে দুদকের আবেদন

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ২২:০৩

শুল্ক ফাঁকির মামলায় দণ্ডিত বিএনপির সংসদ সদস্য হারুন-অর রশিদকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে দুদক। স্থগিত আবেদনটি শুনানির জন্য প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে। দুদকের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। এ সময় দুদকের পক্ষে খুরশীদ আলম খান ও এমপি হারুনের পক্ষে এম মাহবুবউদ্দিন খোকন উপস্থিত ছিলেন।

সোমবার হাইকোর্ট হারুনকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয়। একইসঙ্গে তার ৫০ লাখ টাকার জরিমানাও স্থগিত করা হয়। এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে দুদক।

গত ২১ অক্টোবর শুল্ক ফাঁকির মামলায় বিএনপির সংসদ সদস্য হারুন-অর রশিদকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। একইসঙ্গে তাকে পঞ্চাশ লাখ টাকা জরিমানার পাশাপাশি অনাদায়ে আরো ছয় মাসের দণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন হারুন।