টেস্টে মুমিনুল, টি-২০তে মাহমুদউল্লাহ অধিনায়ক

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ২২:২৩

আইসিসির সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গোটা ক্রিকেট দুনিয়া জেনে গেছে, ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে আকসুকে না জানানোর কারণে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান।

বিসিবি সূত্রে জানা গেছে, শিগিগরই দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন সাকিব। 

এই অলরাউন্ডারকে গতকাল আইসিসির দেওয়া দুই বছরের নিষেধাজ্ঞার কারণেই আসন্ন ভারত সফরে বাংলাদেশের টেস্ট ও টি-২০ দলে এসেছে বেশ পরিবর্তন। শুধু দলই নয়, দুই ফরম্যাটের নেতৃত্বেও পরিবর্তন আনতে বাধ্য হয়েছে বিসিবি। 

শুধু ভারত সফরের জন্য টেস্টে মুমিনুল হককে নতুন অধিনায়কের দায়িত্ব দিয়েছে বিসিবি। টি-২০ দলের অধিনায়ক করা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। গতকাল সংবাদ সম্মেলনে দুই ফরম্যাটে নতুন অধিনায়কদের নাম ঘোষণা করেন বিসিবি পরিচালক আকরাম খান।

মুমিনুলকে টেস্ট অধিনায়ক করা প্রসঙ্গে আকরাম খান বলেন, ‘আমরা এখানে চিন্তা করেছি আমাদের ভবিষ্যতে কারা খেলবে। তাছাড়া মুমিনুল কিছুদিন আগে ভারত ও শ্রীলঙ্কায় ‘এ’ দলের হয়ে ভালো করেছে। ওর পারফরম্যান্স ভালো ছিল। সে বিবেচনায় ওকে দায়িত্ব দিয়েছি।’ টি-২০ দলে তিনটি বদল আবশ্যক ছিল। সাকিব নেই, তামিম ছুটি নিয়েছেন, সাইফউদ্দিন ইনজুরিতে পড়েছেন। গতকাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু সংবাদ সম্মেলনে বলেছেন, সাকিবের জায়গায় তাইজুল ইসলাম, তামিমের জায়গায় মিঠুন, সাইফউদ্দিনের জায়গায় আবু হায়দার রনিকে টি-২০ দলে নেওয়া হয়েছে।

ভারতের বিরুদ্ধে দুই টেস্টের জন্য ১৬ সদস্যের বাংলাদেশের টেস্ট দলে নতুন মুখ সাইফ হাসান। প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন এই ডানহাতি ওপেনার। দলে ফিরেছেন ইমরুল কায়েস, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান।

ভারত সফরের জন্য বাংলাদেশের টেস্ট দল : সাদমান ইসলাম, ইমরুল কায়েস, সাইফ হাসান, মুমিনুল হক (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, আবু জায়েদ রাহী ও এবাদত হোসেন।