চট্টগ্রাম ও চাঁদপুরে ‘বন্দুকযুদ্ধে’ চার ডাকাত নিহত

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ২২:২৫

চট্টগ্রামের সীতাকুন্ডে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন জন নিহত হয়েছে। তারা আন্তঃজেলা ডাকাতদলের সদস্য বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে, চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ অজ্ঞাত ডাকাত নিহত হয়েছেন।

গত সোমবার গভীর রাতে উপজেলার কুমিরা ইউনিয়নের ছোটো কুমিরা এলাকায় এই বন্দুকযুদ্ধ সংঘটিত হয়েছে বলে র?্যাব সূত্র জানায়। র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. মাহমুদুল হাসান মামুন জানান, ছোটো কুমিরা এলাকায় র?্যাবের টহল দলের সঙ্গে আন্তঃজেলা ডাকাতদলের ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ দুইটি অস্ত্র, ১২ রাউন্ড গুলি এবং ধারাল অস্ত্র উদ্ধার  করা হয়েছে।

সীতাকুন্ডে নিহত তিন ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে। তবে তাদের নাম পরিচয় কিছুই জানাতে পারেনি র্যাব ও পুলিশ। সীতাকুন্ডু থানার ওসি মো. ফিরোজ উদ্দিন মোল্লা বলেন, আমরা গতকাল বিকাল পর্যন্ত নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা করেছি। কিন্তু তাদের নাম পরিচয় উদ্ধার হয়নি। শেষে তাদের মৃতদেহ আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত সোমবার রাত ২টার দিকে ফরিদগঞ্জের পাইকপাড়া ইউনিয়নের সাহাপুর গ্রামের জনৈক চেরাগ আলীর বাগানে এই গোলাগুলির ঘটনা ঘটে। ডাকাতদলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও অজ্ঞাত এক ডাকাতকে আহত অবস্থায় আটক করে পুলিশ। পরে তাকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আহত ঐ ডাকাতকে মৃত বলে ঘোষণা করেন। তার মরদেহ চাঁদপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।