ইলিশ কিনতে গিয়ে পুলিশের ধাওয়া খেয়ে বাকেরগঞ্জ উপজেলায় নদীতে ডুবে মজিবুর রহমান মৃধা নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বিষখালী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সোমবার রাতে পুলিশের একটি দল নদীতে এসে তাদের ট্রলার ধাওয়া করে। এ সময় তিনি নদীতে ডুবে নিখোঁজ হন।
জানা গেছে, সোমবার রাতে উপজেলার ঐ নদীতে ইলিশ শিকারে গেলে রাজাপুর থানার মত্স্য অফিসারের সমন্বয় পুলিশের একটি দল নদীতে এসে তাদের ট্রলার ধাওয়া করে। এ সময় স্থানীয় যুবলীগ নেতা হিসেবে পরিচিত মজিবুর নদীতে পড়ে যান। তার শরীরে ভারী পোশাক থাকার কারণে নিজেকে সামলে উঠতে পারেননি। এ সময় ট্রলারের অন্য জেলেরা আত্মরক্ষায় নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচে যান। সকালে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। মজিবুর রহমান বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মৃত দলিল উদ্দিন রহমানের ছেলে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, বাকেরগঞ্জ থানা পুলিশের অভিযানে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। স্বজনরা যে স্থানের কথা বলছে সেটি রাজাপুর থানার আওতাভুক্ত। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, এ ধরনের কোনো ঘটনা আমাদের জানা নেই। এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা মত্স্য সম্প্রসারণ কর্মকর্তা শাহনাজ পারভীন জানান, অভিযানটি আমাদের উপজেলা থেকে করা হয়নি। তবে কারা করেছে সে বিষয় আমার জানা নেই।
