নাটোরের সিংড়ায় ফেসবুকে মহানবি হজরত মুহাম্মদ (স)কে নিয়ে কটূক্তি করার অভিযোগে আদিত্য সরকার নামের এক যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে স্থানীয় থানায় মামলা হয়েছে। যার নামে খোলা ফেসবুক একাউন্ট থেকে এই পোস্ট দেওয়া হয়েছে, সেই আদিত্য বর্তমানে ভারত প্রবাসী বলে জানায় স্থানীয় ব্যক্তিরা। এলাকার লোকজন বিক্ষোভ করার জন্য জড়ো হওয়ার চেষ্টা করলে চার জনকে পুলিশ আটক করে। আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। পুলিশ নিরাপত্তার স্বার্থে আদিত্যর বাবা-মাসহ পরিবারের সদস্যদের সিংড়া থানায় নিয়ে যায়।
খবর পেয়ে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাসিরুল আরিফ, নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা ও সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর উদ্দেশে বক্তব্য রাখেন। এ সময় তারা বলেন, ফেসবুকের কোনো পোস্ট দেখে বিভ্রান্ত হয়ে নিজেদের মধ্যে দীর্ঘদিনের সৌহার্দ্য-সম্প্রীতি নষ্ট করবেন না। তারা সবাইকে মিলেমিশে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করার আহ্বান জানান।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, আদিত্য সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এখন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় চার জনকে আটক করা হয়েছে।
