প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রোম সফরের আমন্ত্রণ জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কনতে। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরালো করার লক্ষ্যে তিনি এ আমন্ত্রণ জানিয়েছেন। গত সোমবার রোমে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মানিলো দে স্তেফানো এই আনুষ্ঠানিক আমন্ত্রণের কথা জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে আব্দুল মোমেন বলেন, দুইপক্ষের জন্য সুবিধাজনক সময়ে শেখ হাসিনা ইতালি সফর করবেন।
আন্ডার সেক্রেটারি স্তেফানোর সঙ্গে বৈঠকে বিনিয়োগের সুবিধা তুলে ধরে ইতালির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া, তিনি জোর দিয়ে বলেন, রোহিঙ্গা সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্প্র্রদায়ের উচিত মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখা।
ইতালির আন্ডার সেক্রেটারিকে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে আগামী বছর একটি ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে তিনি ঢাকায় আসার বিষয়ে একমত হন।
