নিউ ইয়র্কের হাসপাতালে গুরুতর অসুস্থ সাদেক হোসেন খোকা

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ০১:০৯

বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা গুরুতর অসুস্থ অবস্থায় যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। তার শয্যাপাশে থাকা সহকারী সিদ্দিকুর রহমান মান্না জানান, সাদেক হোসেন খোকা আগে থেকেই কিডনির ক্যানসারে ভুগছেন। গত সোমবার থেকে তার স্বাস্থ্যের আরো অবনতি হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে ভর্তি আছেন।

সাবেক এই মন্ত্রী ও সংসদ সদস্যের পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছে বলেও তিনি জানান। এছাড়া সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন তার বাবার জন্য দোয়া কামনা করে বলেন, ‘বাবার শারীরিক অবস্থা খুব ভালো নয়। আপনারা সবাই দোয়া করবেন।’ ২৯ নভেম্বর ২০১১ সাল পর্যন্ত টানা ১০ বছর বিএনপি ও আওয়ামী লীগের শাসনামলে ঢাকা মহানগরের মেয়র ছিলেন সাদেক হোসেন খোকা। ২০১৪ সালের ১৪ মে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান অবিভক্ত ঢাকা মহানগরের দায়িত্ব পালন করা বিএনপির এই প্রভাবশালী নেতা।