মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা পালনে বেতারের প্রতি তথ্যমন্ত্রীর আহ্বান

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ০১:১১

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ দেশের জনগণের মাঝে সামাজিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য বাংলাদেশ বেতারের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল ঢাকায় হোটেল ইন্টার কন্টিনেন্টালে তিন দিনব্যাপী এবিইউ রেডিও এশিয়া সম্মেলন এবং রেডিও সং ফ্যাস্টিভালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সামাজিক, মানবিক ও পারিবারিক মূল্যবোধ রক্ষায় রেডিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’ বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের সহযোগিতায় এশিয়া প্যাসেফিক ব্রডকাস্টিং ইউনিয়ন (এবিইউ) এই অনুষ্ঠানের আয়োজন করেছে। তথ্য সচিব আবদুল মালেকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, এবিইউ মহাসচিব ড. জাভেদ মোত্তাগী ও বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল।