মা সু দ ক রি ম
‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০১৯’ খেতাব জিতে নিয়েছেন শিরিন আক্তার শিলা। সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এ সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে সাবেক মিস ইউনিভার্স ও বলিউডের অভিনেত্রী সুস্মিতা সেন তাকে মুকুট পরিয়ে দেন।
শিরিন আক্তার শিলার জন্ম ঠাকুরগাঁও জেলায়। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। দেশের সেবায় নিজেকে সম্পৃক্ত করার স্বপ্ন দেখেন এই সুন্দরী। বাংলাদেশের সেরা সুন্দরী, মেধাবী ও আত্মবিশ্বাসী তরুণীদের বিশ্বের দরবারে তুলে ধরার প্রয়াসে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ঢাকায় মিস ইউনিভার্স বাংলাদেশের আয়োজন করা হয়। মিস ইউনিভার্স বাংলাদেশ বিজয়ী শিরিন আক্তার শিলা, মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্সের ৬৮তম সংস্করণটির মূল আসরে বাংলাদেশের হয়ে অংশ নেবেন। বাংলাদেশে আয়োজিত মিস ইউনিভার্স প্রতিযোগিতার মূল ফ্রাঞ্চাইজি ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ এবং এটি মূলত রিজ ইভেন্টস, অফ ট্রাক ও ট্রিলজি তিনটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশের চেয়ারম্যান রিজওয়ান বিন ফারুক বলেন, ‘মিস ইউনিভার্স বাংলাদেশ বিজয়ী বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে শুধু দেশেই নয়, বরং আন্তর্জাতিক মহলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। আগামী ডিসেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে হতে যাওয়া সুন্দরী বাছাই প্রতিযোগিতার আসর মিস ইউনিভার্স-এর ৬৮তম সংস্করণটিতে সারা বিশ্বের প্রায় ১৩০টি দেশের সুন্দরীদের সঙ্গে প্রতিযোগিতার মঞ্চে পা রাখবেন। আমি আশা করছি, এ প্রতিযোগিতায় ‘ফ্লোরা ব্যাংক মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’ বিজয়ী শিরিন আক্তার শিলা বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরবেন এবং প্রমাণ করবেন, বাংলাদেশি নারীরাও বিশ্বের যেকোনো দেশের নারীদের মতোই আত্মবিশ্বাসী।’
আত্মবিশ্বাসী নারীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে গত জুলাই মাসের শেষদিকে বাছাইপর্বে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করার মধ্য দিয়ে প্রথমবারের মতো যাত্রা শুরু হয়েছিল মিস ইউনিভার্স বাংলাদেশ-২০১৯ প্রতিযোগিতার। এ প্রতিযোগিতায় নিবন্ধনে অংশ নেওয়ার জন্য সারাদেশ থেকে ১২ হাজারের অধিক অংশগ্রহণকারী নিবন্ধন করেন। পর থেকে গত তিন মাসে পর্যায়ক্রমে অডিশন রাউন্ড, গ্রুমিং, ফিল্মিং রাউন্ড ও বিভিন্ন ধাপ শেষে শুরু হয় মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। একজন নারীর আত্মবিশ্বাসকে অগ্রাধিকার দিয়ে এবারের মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার স্লোগান ছিল ‘আমার আত্মবিশ্বাস, আমার সৌন্দর্য’। এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বলিউডি অভিনেত্রী ও মিস ইউনিভার্স-১৯৯৪ খেতাব জয়ী সুস্মিতা সেন; গায়ক ও অভিনেতা তাহসান খান; পাসোনার ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস; বাংলাদেশ হেরিটেজ ক্র্যাফটসের সভাপতি টুটলী রহমান; পালস হেলথ কেয়ারের প্রতিষ্ঠাতা রুবাবা দৌলা প্রমুখ।
