রে জা উ ল ক রি ম খো ক ন
সিরিজের আগের দুই সিনেমায় তাকে দেখা গেলেও এবারের ‘হাউসফুল ফোর’-এ জ্যাকুলিন ফার্নান্দেজকে দেখা যায়নি। তবে কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত বিগবাজেটের অ্যাকশন ছবি ‘সাহো’তে একটি বিশেষ গানের দৃশ্যে গ্ল্যামারাস ইমেজে দেখা গেছে তাকে। আর এ সপ্তাহে নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে বলিউডি অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ড্রাইভ’। সিনেমা হলের জন্য বানানো হলেও ছবিটি মুক্তি পাচ্ছে অনলাইনে। এ ছবির অন্যতম প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন জ্যাকুলিন।
নেটফ্লিক্সের একজন তারকা হওয়ার সুবাদে তাকে নিয়ে নতুন করে আলোচনা চলছে বর্তমানে। আগামীতে তাকে নেটফ্লিক্সের আরো একটি নতুন থ্রিলার মুভি ‘মিসেস সিরিয়াল কিলার’-এ নাম ভূমিকায় দেখা যাবে। ছবিটি নির্মাণ করছেন বলিউডের জনপ্রিয় চিত্রনির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খানের স্বামী শিরিষ কুন্দার।
সম্প্রতি সৌদি আরবের এক বিমানবন্দরে লাগানো বিলবোর্ডে মডেল হিসেবে ওড়না মাথায় জ্যাকুলিনকে দেখা গেছে। তিনিই প্রথম নারী সেলিব্রেটি, যাকে প্রথম কোনো সৌদি বিজ্ঞাপনে মডেল হতে দেখা গেল।
শ্রীলঙ্কান হলেও বাবা-মায়ের সঙ্গে জ্যাকুলিন ফার্নান্দেজের শৈশব-কৈশোর কেটেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। একজন মডেল হিসেবে তিনি ক্যারিয়ার শুরু করেন, এরপর ‘মিস শ্রীলঙ্কা’ শিরোপা জয় করেন, শেষ পর্যন্ত বলিউডে একজন অভিনেত্রী হিসেবে নিজেকে মোটামুটিভাবে প্রতিষ্ঠিত ও জনপ্রিয় করতে পেরেছেন। ৩৪ বছর বয়েসি এই গ্ল্যামার আইকন বলিউডে আছেন ২০০৯ সাল থেকে। গত দশ বছরে অনেক সিনেমায় তাকে দেখা গেছে। মূলত বাণিজ্যিক ঘরানার ছবিতেই গ্ল্যামার আইকন হিসেবে নিজেকে বারবার তুলে ধরে খ্যাতি, পরিচিতি ও জনপ্রিয়তা পেলেও নিজেকে এখনো সিরিয়াস অভিনেত্রী হিসেবে প্রমাণ করতে পারেননি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাণিজ্যিক সিনেমায় কাজ করেই আজকের পর্যায়ে পৌঁছেছি। এ নিয়ে আমার মধ্যে কোনো কমপ্লেক্স নেই। আগামীতেও এ ধরনের সিনেমাতেই কাজ করে যেতে চাই। তবে এক্ষেত্রে আমার অভিনয় ও অভিনীত চরিত্রে বৈচিত্র্য থাকবে।’ হালে অ্যাকশন-থ্রিলার ধাঁচের হিন্দি সিনেমা ‘অ্যাটাক’-এ কাজ শুরু করতে যাচ্ছে তিনি। এখানে জন আব্রাহামের সঙ্গে তাকে আবার দেখা যাবে। তারা এর আগে একসঙ্গে ‘রেস টু’, ‘হাউসফুল টু’ ও ‘ঢিসুম’ ছবিতে অভিনয় করেছেন। ওদিকে সালমান খানের বিপরীতে ‘কিক টু’-এ জ্যাকুলিনের অভিনয়ের বিষয়টি পাকা হয়ে আছে। ‘কিক’-এ সালমানে নায়িকা হয়ে বাজিমাত করেছিলেন তিনি।
বোদ্ধাদের মতে, বলিউডে আবেদনময়ী নায়িকাদের কদর সবসময় রয়েছে। তবে ক্যারিয়াকে দীর্ঘস্থায়ী করতে হলে নিজের অভিনয় ক্ষমতার প্রমাণ দিতে হয় চ্যালেঞ্জিং রোলে অভিনয়ের মাধ্যমে। শুধু গ্ল্যামার-সর্বস্ব চরিত্রে সীমাবদ্ধ না থেকে জ্যাকুলিনকে চ্যালেঞ্জিং রোলে অভিনয়ের চেষ্টা চালাতে হবে।
হালে নেটফ্লিক্সের মতো জনপ্রিয় স্ট্রিমিং সাইটের একজন তারকা হিসেবে আত্মপ্রকাশের মাধ্যমে তার ক্যারিয়ারে ভিন্নমাত্রা যুক্ত হলো। এবার দেখা যাক, জ্যাকুলিন এভাবে বলিউডে নিজেকে আর কতদিন ধরে রাখতে সক্ষম হন।
