মুদ্রারাক্ষস নাটক মঞ্চস্থ

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ১৭:৫৯

ফারুক আহমেদ

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা

 

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ২ দিন মঞ্চস্থ হয়েছে নাটক ‘মুদ্রারাক্ষস’। জটিল রাজনৈতিক ও কূটনৈতিক কৌশলের মধ্যে দিয়ে মৌর্য্য সম্রাট চন্দ্র গুপ্ত মৌর্য্যের রাজনৈতিক উত্থান এই নাটকের মূল উপজীব্য।

গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টুডিও থিয়েটার হলে মুদ্রারাক্ষস নাটকটি মঞ্চায়িত হয়। এছাড়াও শুক্রবার সন্ধ্যা ৭টায় নাটকটি মঞ্চায়িত হয়।

নাটকটির নির্দেশক সহকারী অধ্যাপক সৈয়দ মামুন রেজা জানান, বিশাখদত্ত রচিত খ্রিস্ট পূর্ব চতুর্থ শতকের তদানীন্তন সমাজ ব্যবস্থা এবং সমাজে প্রচলিত রীতিনীতির চিত্রসম্বলিত মুদ্রারাক্ষস নাটকটি সংস্কৃত নাট্য জগতের একমাত্র রাজনৈতিক নাটক। নাটকটিতে বর্ণনা ও চিত্রিত চরিত্রসমূহের দ্বারা বিশাখদত্ত তার সময়ের সমাজের জাতিভেদ প্রথা এবং রাজনৈতিক  কূটকৌশলের চিত্র তুলে ধরেছেন অত্যন্ত সাবলীলভাবে।

নাট্যকার এখানে দেখিয়েছেন, রক্তপাত ছাড়াই কৌশল প্রয়োগের মাধ্যমে ফল লাভের উজ্জ্বল দৃষ্টান্ত, যা হাজার বছর পরও বর্তমান সমাজে রক্তক্ষয়ী যুদ্ধের বদলে নীতি প্রয়োগের নির্দেশ প্রদান করে। এতে এ রূপ সিদ্ধান্তই প্রতিফলিত হয়, যা যুদ্ধ ছাড়াও শান্তি প্রতিষ্ঠার পরিচায়ক। বর্তমান সমাজের প্রেক্ষিতে এই কৌটিল্য নীতি পথপ্রদর্শক রূপে বিবেচ্য হতে পারে।