ইরানের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করায় মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি দাবি করেছে, ইরানের উপর আরোপিত যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে দেশটি ওষুধসহ জরুরি স্বাস্থ্য সামগ্রী আমদানি করতে পারছেনা, ফলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন ইরানের স্বল্প আয়ের মানুষ।
সংস্থাটি মঙ্গলবার ‘সর্বোচ্চ চাপ: মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞায় ইরানীদের স্বাস্থ্য অধিকার ব্যহত’ শীর্ষক ৪৭ পাতার এক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে কিভাবে জরুরি ওষুধ, চিকিৎসা সরঞ্জামসহ স্বাস্থ্য সামগ্রী আমদানিতে ইরান সমস্যার সম্মুখীন হচ্ছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য উঠে এসেছে।
যদিও মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করে আসছে, ওষুধ ও চিকিৎসা সামগ্রী নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। এ ব্যাপারে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানের উপর মার্কিন নিষেধাজ্ঞা থাকার কারণে ইউরোপীয় ও আমেরিকান প্রতিষ্ঠানগুলো ইরানে ওষুধ রপ্তানি করতে পারছে না।
আরও পড়ুন: চামড়াজাত খাতের প্রণোদনা আরও ৫ বছর অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী
হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্য বিষয়ক পরিচালক সারাহ লেহ উইটসন বলেছেন, ‘ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা দাবি করেন তারা ইরানের সাধারণ মানুষের পাশে আছেন অথচ মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের স্বাস্থ্যের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন’।
উল্লেখ্য, ২০১৮ সালের মে মাসে যুক্তরাষ্ট্র ইরানের সাথে করা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসে। এরপর কয়েক দফায় ইরানের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। অবরোধের ফলে আন্তর্জাতিক মহলে বেশ সমালোচনায় পড়ে ট্রাম্প প্রশাসন। পরে তারা দাবি করেন ওষুধ ও চিকিৎসা সামগ্রীতে নিষেধাজ্ঞা নেই। অথচ চলতি বছরের মার্চের শেষ নাগাদ কয়েকটি ওষুধের উপর নিষেধাজ্ঞা দেয় ট্রাম্প প্রশাসন। ফলে এসব জরুরি ওষুধ ইরানে ঢুকতে পারছে না।
সূত্র: হিউম্যান রাইটস ওয়াচের নিজস্ব ওয়েবসাইট।
ইত্তেফাক/এসইউ
