রৌমারীতে স্কুলছাত্রী হত্যাকারীদের শাস্তি দাবিতে মানববন্ধন

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২২:০৯

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় স্কুলছাত্রী মমতাজ বেগম জিম্মি (১৪) হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে তাদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চরশৌলমারী উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন এলাকার কৃষক, শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির জোর দাবি তুলে ধরে এতে বক্তব্য রাখেন রৌমারী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শেখ মো. আব্দুল খালেক, চর শৌলমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, সহকারী শিক্ষক মিজানুর রহমান, শফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ প্রমুখ।

উল্লেখ্য, ১৯ অক্টোবর উপজেলার চর শৌলমারী ইউনিয়নের উত্তর খাউরিয়ার সুখেরচর নামক স্থানে কাঁশবনের ভেতর থেকে স্কুলছাত্রীর মমতাজের মরদেহ উদ্ধার করা হয়। নিহত স্কুলছাত্রী উত্তর খাউরিয়া গ্রামের শাহ আলম প্রামাণিকের মেয়ে। সে পাখিউড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।