ভূমিকম্পে ফের কেঁপে উঠলো ফিলিপাইন। বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলের কোটাবাটো প্রদেশে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে অন্তত ৫ জন নিহত হয়েছেন। খবর রয়টার্সের।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কোটাবাটো প্রদেশের টুলুনান শহরের ৩৩ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। ভূমিকম্পের ফলে সুনামির কোন সম্ভাবনা নেই।
দেশটির সমাজ কল্যাণ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, কোটাবাটো প্রদেশে ভূমিকম্পের ফলে ৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন গ্রাম প্রধান রয়েছেন। ভূমিকম্পে তার অফিসের দেয়াল ধ্বসে পড়ায় তার মৃত্যু হয়েছে।
ভূমিকম্পের ফলে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের নিজ শহর দাভাও এর একটি বহুতল ভবনের নিচতলা ধ্বসে অন্তত ৯ জন আহত হয়েছেন। এসময় প্রেসিডেন্ট নিজ শহরে অবস্থান করছিলেন। তবে তিনি অক্ষত আছেন।
আরও পড়ুন: মুদ্রা পাচার করছে উবার
কয়েকদিনের ভেতর আরও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে ফিলিপিন্স ইনিস্টিটিউট অব ভলকানোলজি এন্ড সিসমোলজি। সেখানকার মানুষকে আপাতত বাড়ি ও অফিসের বাইরে অবস্থানের পরামর্শ দিয়েছে।
বৃহস্পতিবারের আগে চলতি মাসের আরও দুই বার ভূমিকম্পে কেঁপে উঠে ফিলিপাইন। ১৬ ও ২৯ অক্টোবর হওয়া ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ৬ দশমিক ৩ এবং ৬ দশমিক ৬। পরপর তিন ভূমিকম্পে এখন পর্যন্ত ২০ জন নিহত ও আহত হয়েছেন ৩ শতাধিক।
ইত্তেফাক/এসইউ
