পাইলটের মদ পান, উড়লো না ভারতের বিমান

আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ০১:০৩

ভারতে আকাশে ওড়ার ঠিক আগের মুহূর্তে সরিয়ে দেওয়া হল এয়ার ইন্ডিয়ার বিমানের পাইলটকে। অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল নেওয়ার কারণে তাকে বিমান ওড়াতে দেওয়া হয়নি। ক্যাপ্টেন অরবিন্দ কাঠপালিয়া নামে ওই পাইলটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গেছে। গতকাল রবিবার দিল্লি থেকে লন্ডন পর্যন্ত বিমান উড়িয়ে নিয়ে যাওয়ার কথা ছিল পাইলট অরবিন্দ কাঠপালিয়ার। বেলা পৌনে ৩ টা নাগাদ বিমান দিল্লি থেকে ছাড়ার কথা ছিল। কিন্তু তার আগেই পরীক্ষায় ধরা পড়ে মদ খেয়েছেন অরবিন্দ কাঠপালিয়া। ফলে তাকে ‘ওড়ার জন্য তৈরি নয়’ বলে ঘোষণা করা হয়। ব্রেথ অ্যানালিসিস পরীক্ষার রিপোর্টে এও লেখা হয়, তার রক্তে অ্যালকোহল পাওয়া গেছে। ফলে তাকে বিমানের ককপিটে যেতে দেওয়া যাবে না। অরবিন্দর এমন কাণ্ডে সমস্যায় পড়তে হয় যাত্রীদের। বহুক্ষণ দিল্লি বিমানবন্দরে দাঁড়িয়েছিল বিমানটি। প্রায় এক ঘণ্টা দেরিতে বিমানটি ছাড়ে। - আনন্দবাজার পত্রিকা