অনেকদিন ধরে নতুন কোনো কাজের খবরে নেই রেদওয়ান রনি। শেষবার তার নির্মিত ‘আইসক্রিম’ ছবি দিয়ে আলোচনায় আসার পর অনেকটা আড়ালে চলে যান তিনি। তবে সেই বিরতিটা এবার কেটেছে। নতুন একটি বিজ্ঞাপনের মধ্য দিয়ে আলোচনায় এলেন তিনি। বিজয় দিবসকে কেন্দ্র করে নির্মিত এই বিজ্ঞাপনটি এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসিত হয়েছে। একটি টেলিকম কোম্পানির জন্য এই বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়েছে। এখানে মূলত মুক্তিযুদ্ধের একটি গল্প বলা হয়েছে। একই সময়ে পর্দায় ১৯৭১ সালের বিজয় যেমন দেখা যাবে তেমনি ২০১৮ সালের সাফল্যের গল্পও দেখা যাবে।
কাজটির অভিজ্ঞতা প্রসঙ্গে নির্মাতা রনি বলেন, ‘বিজয় দিবস এলে বিভিন্ন বিশেষ বিজ্ঞাপন নির্মিত হয়। সেই ধারাবাহিকতায় এবারো হয়েছে। তবে এতকিছুর মাঝে এমন একটা কাজ করতে চেয়েছিলাম যা মানুষের মনে দাগ কাটবে। এই বিজ্ঞাপনের গল্প শোনার পরই নির্মাণ করতে আমি রাজি হয়ে যাই। বিজ্ঞাপনের গল্পটি ১৯৭১ থেকে ২০১৮ টাইম ট্রাভেলিং-এর। বিজ্ঞাপনে এমন দৃশ্য আমাদের এখানে দর্শকরা আর দেখেনি। সেই জায়গা থেকে ভালো একটি কাজ হয়েছে বিশ্বাস করি। কাজটি আমার নির্মাতা জীবনের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল।’
