খেলোয়াড়দের জিজ্ঞাসা
স্পোর্টস রিপোর্টার
অনেক আশাভরসা নিয়ে হকি ফেডারেশনের নতুন কমিটির দিকে তাকিয়ে ছিলেন হকি খেলোয়াড়রা। লিগ হবে, তাদের রুটি রুজির ব্যবস্থা হবে, নতুন নতুন খেলোয়াড়ও এ পথে এগিয়ে আসবে; যারা হকিটাকে বুকে নিয়ে স্টিক হাতে দৌড়াতে চান তারা সবাই লিগের দিকে তাকিয়ে থাকেন। হকি খেলোয়াড়দের ভাগ্যটা এমনই যে, কখনোই তারা আগেভাগে জানতে পরেন না লিগটা কবে হবে। বছর গড়িয়ে বছর যায় কিন্তু লিগ কখনোই নিশ্চিত বর্ষপঞ্জির পথ অনুসরণ করতে পারেনি। এই নিয়ে আর আক্ষেপ করেও কোনো লাভ দেখছেন না খেলোয়াড়রা। লিগ নিয়ে কথা বলতে গেলে অনাগ্রহটা বেশি ফুটে ওঠে খেলোয়াড়দের কণ্ঠে। জাতীয় দলের তারকা খেলোয়াড় রাসেল মাহমুদ জিমির কাছেও প্রশ্নটা উঠেছিল। কিন্তু লিগ নিয়ে মোটেও জিমির আগ্রহ নেই। কথাও বলতে চান না তিনি। দেশের হকির এক নম্বর খেলোয়াড় জিমি। প্রতিভাবান এবং মেধাবী। তারপরও হকির প্রতি কেমন যেন একটা উদাসীনতা তার। জিমি একটা কথাই বলছেন, আমি তো একাই হকি খেলি না। ২০০-৩০০ খেলোয়াড় রয়েছে। লিগ হবে কবে এটা একটি প্রশ্ন। তবে যখন লিগ হবে তখন খেলব।’ জিমি বললেন, ‘লিগটা যেন তাড়াতাড়ি হয় এটাই আমাদের আবদার।’
সম্প্রতি হকি ফেডারেশনের একটি সভা হয়ে গেছে সেখানে লিগ কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। তবে এ বছর আর প্রিমিয়ার লিগ হচ্ছে না সেটাই নিশ্চিত করেছেন হকি ফেডারেশনের সহসভাপতি আব্দুর রশিদ সিকদার। এই কর্মকর্তা জানালেন—তারা লিগ আয়োজনের জন্য প্রক্রিয়া শুরু করতে বলে দিয়েছেন। ফেডারেশনের সর্বশেষ সভায় লিগ নিয়ে কমিটি গঠনের কাজও সেরে নেয়ার কথা বলা হয়েছে। একটি কমিটিও গঠনের কথা বলা হয়েছে। লিগ কমিটির সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে ফেডারেশনেরই আরেক সদস্য খাজা তাহের লতিফ মুন্নাকে। আব্দুর রশিদ বললেন, ‘আমরা তাদের জানিয়ে দিয়েছি লিগ আয়োজনের উদ্যোগ নিতে।’ কী উদ্যোগ নেয়া হয়েছে এমন প্রশ্নে রশিদ সিকদার বললেন, ‘যত দ্রুততম সময়ে লিগটা যেন শুরু করা হয়।’ আপনি ক্লাব কর্মকর্তা হিসেবে কবে লিগ শুরু করার পক্ষে? জবাবে রশিদ সিকদার বললেন, ‘ক্লাব কর্মকর্তা নয়, ফেডারেশন কর্মকর্তা হিসেবে আমি বলছি, নভেম্বরের শেষ দিকে স্কুল লিগ শুরু হয়ে ডিসেম্বরে শেষ হবে। এরপর ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হবে দশ-পনের দিনের জন্য। তারপর প্রিমিয়ার হকি লিগ হবে।’ সাবেক তারকা খেলোয়াড় মাহবুবুল এহসান রানা বললেন, ‘আবাহনী সব সময় খেলার উন্নয়নের পক্ষে। আগামী মাসে দলবদল দিলে আবাহনীও থাকবে।’
আবাহনী যেটাই বলুক ফেডারেশন কর্মকর্তার কথায় পরিষ্কার প্রায় ১৭-১৮ মাস শেষ হয়ে গেলেও লিগের নামগন্ধ নেই। এমনকি আরো কয়েক মাসেও লিগ শুরু হচ্ছে না সেটি প্রায় নিশ্চিতই করে দিলেন আব্দুর রশিদ সিকদার। তারপরও একটা সুনির্দিষ্ট তারিখ জানতে চান হকি খেলোয়াড়রা। জাতীয় দলের সাবেক গোলকিপার জাহিদ প্রশ্ন তুললেন কবে শুরু হবে প্রিমিয়ার হকি খেলোয়াড় দলবদল এবং লিগ।
