যত দোষ ...

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ১৮:০৪

  ব্রত রায়

 

গুদাম ভরা থাকার কথা চালে

কিন্তু দেখা যাচ্ছে হিসেব কালে

খাতার থেকে আছে অনেক কম

এই ঘটনা ঘটছে রে হরদম!

 

তুচ্ছ ব্যাপার দিই উড়িয়ে ফুঁতে

চাল নিল কে? চাল নিয়েছে ভূতে!

ব্যাংকে টাকা থাকার কথা যত

হিসাব যখন করছি যথাযথ

 

দেখছি আছে যথেষ্ট গরমিল

বলব না আর, মুখে দিলাম খিল!

লোপাটকারীর কেশ পারে কেউ ছুঁতে?

কেমনে পারে? দোষ করেছে ভূতে!

 

বানাচ্ছে আজ ভেঙেই যাবে কাল

গর্ত হয়ে রাস্তা হবে খাল

দেয় বিটুমিন যেটুক দেয়ার কথা?

যাচাই করে কে তার যথার্থতা?

 

কাজ পেয়েছে বিশেষ কারো থ্রুতে

হরিলুটের পয়সা যোগায় ভূতে!

বানায় দালান দেওয়ার কথা রড

বাঁশ দিয়েছে! কী সাংঘাতিক, গড!

 

পড়লে ভেঙে মরবে কত লোক

এর’ম হবেই! এই রকমই হোক!

আমরা গাধা দেশ নামে এক জু-তে

চালাচ্ছে দেশ সম্ভবত ভূতে!