ইরফান তানভীর
হাটে বাজারে গ্রামে গঞ্জে বাসের আসন ট্রেনের কামরা এবং রাজনৈতিক মধুর মঞ্চে সবখানে চলছে সহজ উপায়ে সফল হওয়ার দৌড়ঝাঁপ। সবদিক থেকে সহজে সফলতার সিঁড়িতে ওঠা আমাদের নোবেল প্রাইজ তালিকায় তেমন কোনো সুখকর অবস্থানে নেই। চলুন জানা যাক যে উপায়ে আমরাও পেতে পারি অধিক পরিমাণে নোবেল
v যেহেতু শিক্ষার্থীর বাবা-মা পরীক্ষার আগে সন্তানের জিপিএ ফাইভ নিশ্চিতের আশায় ‘তুমি পাবে গোল্ডেন’, ‘গোল্ডেন তোমায় ডাকছে’ প্রভৃতি মোটিভেশনসমৃদ্ধ চকচকে কাভারের গাইডপত্তর কিনে দেন এবং বাচ্চারা তাতে সফলও হয়। সেহেতু আমাদের বাঙালি লেখকদেরও উচিত ‘তুমিও জিতবে নোবেল’, ‘নোবেল তোমাকে ডাকছে’ ধরনের বই লেখা। যার ফলে আমরা পড়ে পড়ে জিপিএ ফাইভ পাওয়ার মতো নোবেলও পেয়ে যেতে পারি।
v যদি আপনি বিবাহিত হোন তাহলে আপনার ছেলে সন্তান হওয়ার পর তাদের নাম রাখতে পারেন ‘নোবেল পেয়েছে’ প্রতি বছর নোবেল কমিটির ঘোষণার পর আপনি নির্দ্বিধায় ফেবুতে স্ট্যাটাস দিতে পারবেন—আমার ছেলে নোবেল পেয়েছে। ওর জন্য সবাই দোয়া করবেন।
v আমরা যেহেত বড়ো হাঙর মাছ, তিমি মাছ টাইপ নেতাদের পেছনে পেছনে ঘুরে ঘুরে দিনের ফকির রাতে সম্রাট হয়ে যাই সহজে! ঠিক সেভাবেই নোবেল কমিটির লোকদের সঙ্গে আমাদের সখ্যতা বাড়ানো দরকার। তাদের ঘরে বাজার সদাই করে দেওয়া, মাথার উপরে ছাতা ধরে দাঁড়িয়ে থাকা, অথবা তাদের ফেবু পোস্টে ‘নাইস ভাইয়া’, ‘পাশে আছি লিডার’, ‘সহমত ভাই’ কমেন্ট করে ট্রাই করা যায়। আশা করা যায়, আপনি নোবেল পেলেও পেতে পারেন।
