দিরাইয়ে বীরাঙ্গনাদের সংবর্ধনা প্রদান

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ২১:১২

দিরাই (সুনামগঞ্জ) সংবাদদাতা

সুনামগঞ্জের দিরাইয়ে খেলাঘর, প্রেসক্লাব ও ভাটি বাংলা ঋণদান সমবায় সমিতির উদ্যোগে শহীদ বৃদ্ধিজীবী দিবস পালন ও সরকারিভাবে স্বীকৃতিপ্রাপ্ত দিরাই-শাল্লা উপজেলার পাঁচ বীরাঙ্গনাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৩টায় সংগঠনগুলোর পক্ষ থেকে দিরাই সরকারি বালিকা বিদ্যালয়ের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর বিদ্যালয় প্রাঙ্গণে বীরাঙ্গনাদের সংবর্ধনা ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খেলাঘর দিরাই উপজেলা’র উপদেষ্টা সুধাসিন্ধু দাসের সভাপতিত্বে ও মনিমেলা খেলাঘর আসরের সভাপতি লালবাশী দাস ও সাংবাদিক হিল্লুল পুরকায়স্থের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, মুক্তিযুদ্ধের সংগঠক অমর চাদ দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, দিরাই সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল প্রমুখ। দিরাই উপজেলার চন্ডিপুর গ্রামের বীরাঙ্গনা আলিফজান বিবি, পেরুয়া গ্রামের কুলসুম বিবি ও শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের বীরাঙ্গনা জামিলা খাতুন, দাউদপুর গ্রামের বীরাঙ্গনা মুক্তা বানু, উতানগাঁও গ্রামের বীরাঙ্গনা পেয়ারা বেগমের হাতে সম্মাননা ক্রেস্ট ও লাল সবুজের ব্যাজ তুলে দেন অতিথিবৃন্দ।