চাটমোহরে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী আহত

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ২১:১৩

দুজন আটক

 চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বড়সিঙ্গা গ্রামে এক বালু ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে ব্যবসায়ীকে মারপিট করেছে দুর্বৃত্তরা। এলাকাবাসী এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন আহমদ আলী ফকিরের ছেলে বালু ব্যবসায়ী মোঃ আলীমুদ্দিন (৪০)। এ ব্যাপারে শুক্রবার আহমদ আলী ফকির বাদী হয়ে থানায় মামলা করেছেন।

আটককৃতরা হলো— চাটমোহর পৌর শহরের বালুচর মহল্লার বালু ও ইট ব্যবসায়ী তাইজুল ইসলামের ছেলে তৌহিদুল ইসলাম (২২) ও বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে মিরাজ হোসেন (২০)। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।