সংখ্যালঘু নির্যাতন বন্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার দাবি

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ০০:১৭

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ, বিশেষ করে এ ব্যাপারে সরকারের জিরো টলারেন্স নীতি ঘোষণার জোর দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যুক্তরাষ্ট্র শাখা। স্থানীয় সময় শুক্রবার রাতে নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ এ দাবি জানিয়ে বলেন, বাংলাদেশে প্রগতিশীল সরকার ক্ষমতায়। অথচ তাদের আমলে একের পর এক সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে। প্রতিটি ঘটনার সুষ্ঠু বিচার হলে রামু, নাসিরনগর, রংপুর ও ভোলার ঘটনা ঘটতো না।

নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ইত্যাদি রেস্টুরেন্টের পার্টি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, বাংলাদেশ বিশ্বের কাছে উন্নত এক দেশ হিসেবে পরিচিত। অথচ সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বাংলাদেশের ইমেজকে নষ্ট করছে। এটা মোটেও কাম্য নয়। আমরা যে যেই ধর্মের হই না কেন দিন শেষে আমরা বাংলাদেশি। তারা বলেন, সরকার সংখ্যালঘু নির্যাতন বন্ধে উদ্যোগ না নিলে সমাজ এই দায়িত্ব নিতে পারে। এজন্য সমাজের সকল মানুষকে সোচ্চার হতে হবে।

ভোলায় সম্প্রতি সংঘটিত সংখ্যালঘু নির্যাতনের ঘটনার বিচারের দাবিতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের নেতা বিদ্যুত্ দাস। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের নেতা অধ্যাপক নবেন্দু বিকাশ দত্ত, শীতাংশু গুহ এবং ড. দ্বীজেন ভট্টাচার্য। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. টমাস দুলু রায়, সুশীল সাহা, রোজেলিন কস্তা, চন্দন সেনগুপ্ত, রিনা সাহা, প্রকাশ গুপ্ত, অবিনাশ আচার্য, রূপকুমার ভৌমিক, গোবিন্দ গোস্বামী, দীনেশ মজুমদার, নিতাই বাগচি প্রমুখ।