জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, সাংবাদিকরা আক্রান্ত হলে পুরো সমাজকেই তার মূল্য দিতে হয়। সাংবাদিকদের নিরাপত্তা না থাকলে বিশ্ব তথ্যের অভাবে ভোগে এবং সন্দেহের মধ্যে থাকে। ২ নভেম্বর আন্তর্জাতিক দায়মুক্তি অবসান দিবস উপলক্ষ্যে এক বিবৃতিতে এই মন্তব্য করেন গুতেরেস। —খবর ইউএন নিউজের
ইউনেস্কো নতুন প্রতিবেদনে জানিয়েছে, ২০০৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১ হাজার ১০৯ জন সাংবাদিক নিহত হয়েছেন। এই হত্যার সঙ্গে জড়িত ৯০ ভাগ আসামির বিচার হয়নি। জাতিসংঘ মহাসচিব বলেন, সাংবাদিকদের রক্ষা করতে না পারলে আমরা তথ্য পাব না, আর তথ্য না পেলে সিদ্ধান্ত গ্রহণে আমরা ক্ষতিগ্রস্ত হই। ২০১৯ সালে ৪৩ জন সাংবাদিক নিহত হয়েছেন যা গত বছরের তুলনায় কম। গত বছর ছিল ৯০ জন। গত ৫ বছরে (২০১৪-২০১৮) সাংবাদিক হত্যা ১৮ ভাগ বৃদ্ধি পেয়েছে এর আগের ৫ বছরের তুলনায়।
প্রতিবেদন অনুযায়ী, আরব বিশ্বে সবচেয়ে বেশি হত্যার শিকার হয়েছেন সাংবাদিকরা (বিশ্বের ৩০ ভাগ)। ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে ২৬ ভাগ এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ২৪ ভাগ সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। প্রতিবেদনে আরো জানানো হয়েছে, দুই বছরে (২০১৭-২০১৮) ৫৫ ভাগ সাংবাদিককে হত্যা করা হয়েছে সংঘাতহীন অঞ্চলে। এর মাধ্যমেই প্রমাণিত হয় যে, রাজনীতি, অপরাধ এবং দুর্নীতি নিয়ে রিপোর্ট করার জন্যই হত্যার শিকার হন সাংবাদিকরা।
