বাংলাদেশ সফরে আসছেন ইউএসএআইডির উপ প্রশাসক বনি গ্লিক

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ১৬:২৪

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) উপ প্রশাসক বনি গ্লিক ২৯ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত ভিয়েতনাম, থাইল্যান্ড, বাংলাদেশ ও ইন্দোনেশিয়া সফর করবেন।

ভিয়েতনামে উপ প্রশাসক সরকারি প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বেসরকারি খাতের অংশিদারদের সঙ্গে সাক্ষাৎ করবেন। হ্যানয় ও হো চি মিন সিটিতে তিনি বৈঠক ও অনুষ্ঠানে যোগ দেবেন জাতীয় এইচআইভি/এইডস প্রতিরোধে অভ্যন্তরীণ অর্থায়নে অগ্রগতির সাম্প্রতিক সূচক তুলে ধরার পাশাপাশি ভিয়েতনামে এজেন্ট অরেঞ্জের প্রভাব মোচনে ইউএসএআইডি-জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগের অগ্রগতি এবং বাণিজ্য সহায়তা ও জ্বালানী নিরাপত্তার ক্ষেত্রে ইউএসএআইডির সহযোগিতার নতুন দিকগুলো তুলে ধরতে।

 

তিনি যুক্তরাষ্ট্র সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত ফুলব্রাইট ইউনিভার্সিটি ভিয়েতনামের ছাত্র ও শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই হেমন্ত থেকে সে দেশের প্রথম সায়ত্তশাসিত ও অলাভজনক বিশ্ববিদ্যালয়টি তার প্রথম আন্ডারগ্র্যাজুয়েট পাঠদান শুরু করবে।

 

থাইল্যান্ডে তিনি প্রশাসনের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে বৈঠকের পাশাপাশি ভারত-প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য ফোরামে যোগ দেবেন। এই ফোরাম ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের উদ্যোগে আয়োজিত প্রধান বাণিজ্য আয়োজন। ফোরামে বক্তৃতায় উপ প্রশাসক একটি স্বাধীন, উন্মুক্ত এবং সুরক্ষিত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের লক্ষ্যকে এগিয়ে নিতে বেসরকারি খাতের অংশিদারিত্বের প্রয়োজনীয়তার উপর জোর দেবেন।

আরো পড়ুন : পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে আইনি নোটিশ

বাংলাদেশে উপ প্রশাসক সরকারি কর্মকর্তা, বাস্তবায়নকারী অংশিদার এবং আমেরিকান চেম্বার অব কমার্সের সঙ্গে সাক্ষাৎ করবেন। উপ প্রশাসক এরপর রোহিঙ্গা সংকটে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য ইউএসএআইডির উন্নয়ন সহায়তা এবং রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা পরিস্থিতি পর্যবেক্ষণে কক্সবাজার সফর করবেন।

ইন্দোনেশিয়ায় উপ প্রশাসক সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, টেকসই মৎস্য পালনে ইউএসএআইডির অংশিদারিত্ব তুলে ধরবেন এবং ইউএসএআইডির সহযোগিতায় চলা একটি স্বাস্থ্য কেন্দ্র সফর করবেন। তিনি একটি মসলার কারখানা ঘুরে দেখবেন, যেটি মেরিল্যান্ড-ভিত্তিক ম্যাককরমিক অ্যান্ড কোম্পানিসহ বিভিন্ন আমেরিকান কোম্পানিতে মসলা সরবরাহ করে, যে মসলা ইউএসএআইডির সহায়তায় ইন্দোনেশিয়ার কৃষকেরা চাষ করে।

 

ইত্তেফাক/ইউবি