তথ্যপ্রযুক্তি ডেস্ক
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোশিয়েসন অব বাংলাদেশ (আইএসপিএবি)-এর নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে সংবর্ধনা এবং ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।
শনিবার সন্ধ্যায় বিসিএস সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর আইএসপিএবির নবনির্বাচিত সভাপতি আমিনুল হাকিমের হাতে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করেন। আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হকের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান বিসিএস মহাসচিব মোশারফ হোসেন সুমন।
বিসিএস সহসভাপতি ইউসুফ আলী শামীম আইএসপিএবির নবনির্বাচিত জ্যেষ্ঠ সহসভাপতি এফ এম রাশেদ আমিন এবং সহসভাপতি মো. আহমেদ জুনায়েদকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। আইএসপিএবির যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, মো. আসাদুজ্জামান, কোষাধ্যক্ষ মো. সরওয়ার আলম শিকদার, পরিচালক মো. কামাল হোসেইন, মো. আনওয়ারুল আজিম, নাজমুল করিম ভূঁইয়া, মোহাম্মদ ওহিদুল্লাহ ভূঁইয়া, মো. নাসির উদ্দিন এবং রাইসুল ইসলাম তুহিনকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর বলেন, তথ্যপ্রযুক্তির প্রথম এবং প্রধান সংগঠন হিসেবে বিসিএস এই খাতের সব সংগঠনকে আন্তরিকতার সঙ্গে শুভেচ্ছা জ্ঞাপন করে। আইএসপিএবিতে এবার যারা নেতৃত্বে এসেছেন, তারা এই খাতকে সমৃদ্ধ করার জন্য নিজেদের যোগ্যতা প্রমাণ করবেন বলেই আমি বিশ্বাস করি। ইন্টারনেট খাতকে এগিয়ে নেওয়ার জন্য নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি একাগ্রতার সঙ্গে কাজ করবেন। আইএসপিএবির যে কোনো প্রয়োজনে বিসিএস পাশে থাকবে।
আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম বলেন, বাংলাদেশ কম্পিউটার সমিতি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে আমাদের সংবর্ধিত করেছে। এতে আইএসপিএবির সঙ্গে বিসিএস এর সম্পর্কের গভীরতা প্রকাশ পায়। আমরা যেহেতু আইএসপিএবির দায়িত্ব নিয়েছি সেহেতু এই সংগঠনে কার্যকরি ভূমিকা রেখে তথ্যপ্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ অংশ ইন্টারনেটের সহজলভ্যতা নিয়ে আমরা কাজ করব। ইন্টারনেটের সুফল ছড়িয়ে যাক প্রত্যন্ত গ্রামেও। বিসিএসকে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনুষ্ঠানে বিসিএসের সাবেক সভাপতি এস এম ইকবাল, প্রথম আলো ইয়ুথ প্রোগ্রামের সমন্বয়কারী মুনির হাসানসহ আইএসপিএবি’র নবনির্বাচিতরা উপস্থিত ছিলেন।
