ট্রাম্পের অভিশংসন বিভক্ত মার্কিনিরা

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২০:৫৩

তালেব রানা

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ বা অভিশংসন করার তদন্তকে আনুষ্ঠানিক রূপ দিয়ে বিল পাশ করেছে দেশটির পার্লামেন্ট। এর ফলে ট্রাম্পের ইমপিচমেন্ট প্রক্রিয়া বড়ো ধরনের গতি পেয়েছে।

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসারে, ইমপিচমেন্ট তদন্ত পরিচালনার জন্য কোনো ভোটের প্রয়োজন পড়ে না। তবে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি চলমান তদন্ত নিয়ে অনিয়মের অভিযোগ উত্থাপন করে আসছিল। এর প্রেক্ষিতেই মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসে বৃহস্পতিবার এই ভোটাভুটি হয়। হাউস স্পিকার ন্যান্সি পেলোসি ইমপিচমেন্ট তদন্ত পরিচালনা বিষয়ক আট পাতার একটি বিলের প্রস্তাব করেন। বিলটির পক্ষে ভোট দেন ২৩২ জন এবং বিপক্ষে ভোট দিয়েছেন ১৯৬ জন সদস্য। এই বিল অনুসারে, এখন থেকে তদন্তের শুনানি রুদ্ধদ্বার হবে না, সকলের জন্য উন্মুক্ত থাকবে। দুই জন ডেমোক্র্যাট সদস্য প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন। কোনো রিপাবলিকান সদস্যের পক্ষে ভোট দেননি। তবে গত বছর রিপাবলিকান পার্টি ছেড়ে যাওয়া একজন স্বতন্ত্র সদস্যের পক্ষে ভোট দিয়েছেন।

গত ২৫ জুলাই ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে আলাপ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর মার্কিন গোয়েন্দা সংস্থার ঘনিষ্ঠ এক ‘হুইসেলব্লোয়ার’ অভিযোগ করেন যে, ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অন্য দেশের হস্তক্ষেপের জন্য নিজ কার্যালয়ের ক্ষমতা ব্যবহার করেছেন ট্রাম্প। ডেমোক্র্যাট নেতা জো বাইডেনের বিরুদ্ধে তদন্তের জন্য বিদেশি রাষ্ট্রকে চাপ দিয়েছেন। বাইডেন আগামী নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হতে পারেন। একইসঙ্গে অভিযোগ ওঠে যে, ইউক্রেনের জন্য দেওয়া যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তাকে ট্রাম্প দেশটিকে চাপ দেওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। এক্ষেত্রে তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা স্বার্থকে গুরুত্ব দেননি। 

এই অভিযোগ সামনে আসার পর ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট তদন্ত শুরুর ঘোষণা দেন স্পিকার ন্যান্সি পেলোসি। তদন্তের ক্ষেত্রে এতদিন সকল শুনানি রুদ্ধদ্বার কক্ষে অনুষ্ঠিত হতো। কিন্তু প্রতিনিধি পরিষদে বিল পাশের পর উন্মুক্তভাবে শুনানি হবে। এতদিন তদন্তটি পরিচালনার দায়িত্বে ছিল তিনটি পার্লামেন্টারি কমিটি। কিন্তু এখন থেকে তদন্তটি পরিচালনা করবে প্রতিনিধি পরিষদের ইন্টেলিজেন্স ও জুডিশিয়ারি কমিটি। কমিটির নিয়োগ দেওয়া আইনজীবীরা প্রত্যক্ষদর্শীদের প্রশ্ন করবেন। পূর্বে কমিটির রাজনীতিবিদরা প্রত্যক্ষদর্শীদের পাঁচ মিনিট করে প্রশ্ন করতেন। ইতিমধ্যে ডেমোক্র্যাটরা জানিয়েছে যে, তদন্তের শুনানি টেলিভিশনে সম্প্রচার করা হবে। সিনিয়র ডেমোক্র্যাট নেতারা মনে করছেন, শুনানি টেলিভিশনে সম্প্রচার করলে নিরপেক্ষ ভোটারদের মধ্যে তদন্তের ব্যাপারে বিশ্বাসযোগ্যতা বাড়বে। বিশ্লেষকরা বলছেন, রুদ্ধদ্বার শুনানি থেকে উন্মুক্ত শুনানিতে তদন্ত হওয়া ট্রাম্পের জন্য বড়ো ধরনের উদ্বেগের বিষয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন। ফশফন বলেছেন, সবাই জানে আমি অনৈতিক কিছুই করিনি। 

এদিকে ট্রাম্পকে ইমপিচ করার প্রশ্নে মার্কিনদের মধ্যে বিভক্তি বেড়ে চলেছে। প্রতিনিধি পরিষদে বিল পাশের একদিন পর এক জনমত জরিপে দেখা গেছে, ট্রাম্পকে পদ থেকে অপসারণের পক্ষে আছেন দেশটির ৪৯ শতাংশ মানুষ। তবে ৪৭ শতাংশ মার্কিনি তদন্ত চান না। শুক্রবার ওয়াশিংটন পোস্ট/এবিসি নিউজের এক জরিপে এই তথ্য উঠে আসে। ডেমোক্র্যাট পার্টির সমর্থকদের মধ্যে ৮২ শতাংশ ট্রাম্পের অভিশংসনের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে ১৮ শতাংশ রিপাবলিকান সমর্থক ট্রাম্পের অপসারণ চায়। আর তাকে স্বপদে দেখতে চায় ৮২ শতাংশ। অর্থাত্ নিজ দলের সমর্থকদের কাছে ট্রাম্প এখনো আস্থাভাজন হিসেবে টিকে আছেন। এরই মধ্যে মিসিসিপিতে এক সমাবেশে ট্রাম্প বলেছেন, ডেমোক্র্যাটদের মিথ্যা অভিযোগ ও উগ্র আচরণে মার্কিনিরা বিরক্ত। ডেমোক্র্যাটরা কিছুই করতে পারবে না।