বড়ো ব্যবধানে এগিয়ে বাংলাদেশ

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২১:১৩

যুব দলের টেস্ট

 স্পোর্টস রিপোর্টার

বরিশালে অনুষ্ঠিত যুব দলের প্রথম টেস্ট ড্র হয়েছিল। সেখানে অবশ্য বৃষ্টির দাপটে পুরো ম্যাচ হতে পারেনি। এবার খুলনায় সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় দিনেই বড়ো লিড নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আগে ব্যাট করা শ্রীলঙ্কা দল প্রথম ইনিংসে ১৮৪ রানে অলআউট হয়েছিল। জবাবে গতকাল দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ৮ উইকেটে ৩২১ রান করেছে বাংলাদেশ।

শ্রীলঙ্কা দল শুরু থেকেই বাংলাদেশের বোলারদের বিপক্ষে হিমসিম খেয়েছে। তাদের প্রথম চার ব্যাটসম্যানই এক অংকের ঘরে আউট হয়েছিলেন। এরপর উইক্রিমাসিংহে ৭৩ ও গামাগে ৪৭ রান করে একটু মান রক্ষা করেন। বাংলাদেশের শাহিন আলম ৬২ রানে ৭ উইকেট তুলে নেন।

জবাব দিতে নেমে ভালো শুরু করে বাংলাদেশ। ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল ১৮১ বলে ৯৮ রানের এক ইনিংস খেলেন। এরপর আলভি হক ৭২ ও শাহাদাত হোসেন ৫০ রান করে দলকে আরো এগিয়ে দেন। শেষদিকে অবশ্য বাংলাদেশ দ্রুত কিছু উইকেট হারিয়ে ফেলেছে।