পার্থ টেস্ট শুরু

কিছুটা এগিয়ে অস্ট্রেলিয়া

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ২১:৫৫

স্পোর্টস ডেস্ক

শুরুটা ভালো ছিল না। তারপরও ভারত গতকাল পার্থে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার রাশ টেনে ধরতে পেরেছে। এরপরও টসে জিতে ব্যাট নেয়া স্বাগতিকরা প্রথম দিনের খেলা শেষ করলো ছয় উইকেটে ২৭৭ রান তুলে।

মার্কাস হ্যারিস (৭০) ও অ্যারন ফিঞ্চের (৫০) নৈপুণ্যে পার্থের সবুজ ঘাসের পিচে অজিরা অবশ্য প্রথম উইকেটেই ১১২ রান তুলে দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল সফরকারীদের। কিন্তু পরের দুই সেশনে তিনটি করে উইকেট নিয়ে লড়াইয়ে ফেরে বিরাট কোহলির দল। দিনের খেলা শেষ হওয়ার সময় ক্রিজে অপরাজিত ছিলেন অধিনায়ক টিম পেইন (১৬) ও প্যাট কামিন্স (১১)।

ভারতের পেসার ঈশান্ত শর্মা (২/৩৫) ও স্পিনার হনুমা ভিহারি (২/৫৩) সফরকারীদের প্রতিরোধে অগ্রভাগে ছিলেন। যশপ্রিত বুমরা ও উমেশ যাদব নেন একটি করে উইকেট। তবে সফরকারীদের পাল্টা লড়াইয়ের মধ্যে শন মার্শ ৪৫ ও ট্রাভিস হেড ৫৮ রান করে অস্ট্রেলিয়ার বড় সংগ্রহের আশা জিইয়ে রাখেন।

এরকম পরিস্থিতির মধ্যেও ভারতীয় পেসার বুমরাহ মনে করছেন টেস্টটি এক ধরনের ‘সমতায়’ আছে। তার মতে,‘এটা এখন সমতার মধ্যে আছে। আগামীকাল শনিবার যদি আমরা তাড়াতাড়ি উইকেট নিতে পারি, তাহলে আমরা একটা ভালো টেস্ট ম্যাচের মধ্যে থাকবো।’

বুমরাহ এক উইকেটের বেশি না পেলেও কাল তিনিই প্রথম উইকেটে ভাঙন ধরাতে সক্ষম হন। বিদায় নেন ফিঞ্চ। তাতেই খুশি বুমরাহ, দল ও নিজের পারফর্মেন্স বিবেচনায়। তিনি বলেন,‘আমি সত্যি আনন্দিত। তারা যেভাবে শুরু করেছিল, এরপরও আমরা খেলায় ফিরে এসেছিলাম।’

সংক্ষিপ্ত স্কোর :অস্ট্রেলিয়া : ২৭৭/৬ (হ্যারিস ৭০, হেড ৫৮, ফিঞ্চ ৫০, মার্শ ৪৫; ঈশান্ত ২/৩৫, ভিহারি ২/৫৩)।