স্পোর্টস ডেস্ক
শিরোপাধারী জুভেন্তাস সিরি ‘আ তে আজ রাতে তুরিন ডার্বিতে মাঠে নামতে যাচ্ছে। তবে নগর প্রতিদ্বন্দ্ব্বীদের মুখোমুখি হওয়ার আগে বেশ সাবধানী শোনালো ক্রিশ্চিয়ানো রোনালদোকে। জানালেন জয় ভিন্ন অন্য কিছু ভাবতেই পারে না তার দল। রিয়াল মাদ্রিদ ছেড়ে এই মৌসুমেই জুভেন্তাসে পাড়ি জমিয়েছেন রোনালদো। তাই এবারই প্রথম ‘দার্বি দেল্লা মোলে’ বা তুরিন ডার্বিতে খেলতে যাচ্ছেন পাঁচবারের ব্যালন ডি ‘অর জয়ী।
বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্তাস এই মৌসুমেও লিগে নিজেদের আধিপত্য ধরে রেখেছে। একটি ড্রয়ের বিপরীতে ১৪টি জয় ইতোমধ্যেই দ্বিতীয় স্থানে থাকা নাপোলি থেকে আট পয়েন্ট ব্যবধানে এগিয়ে রেখেছে জুভেন্তাসকে।
বিয়েনোচেরিরা আগের ম্যাচেই ইন্টার মিলানের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছিল। রোনালদোর আশা, আরেকটি ডার্বি ম্যাচ জিতে ভক্তদেরকে উদযাপন করার উপলক্ষ এনে দিতে পারবে দল।
রোনালদো জানান ডার্বি ম্যাচে হারের ব্যাপারে কল্পনাও করতে পারে না দলের সমর্থকেরা। ইতালীয় ক্রীড়া পত্রিকা টুট্টোস্পোর্টসকে তিনি বলেন, ‘কিট ম্যানেজারদের একজন আমাকে বলেছেন, ‘প্লিজ! তোমাদেরকে এই ম্যাচটা জিততেই হবে। আর না হয় আমার দাদী...’ আমি বুঝতে পারলাম যে, জুভেন্তাস সমর্থকরা দুটো ম্যাচে কখনো হারতে চায় না। একটা ইন্টারের বিপক্ষে আরেকটা ম্যাচ তোরিনোর বিপক্ষে।’
রোনালদো আরও বলেন, ‘হেরে যাওয়াটা সব সময়ই খারাপ ব্যাপার, আমি এটা পছন্দ করি না। ডার্বি সবসময়ই একটা বড় উপলক্ষ এবং আমাদেরকে জিততেই হবে।’
তবে এমন উপলক্ষের সামনে দাঁড়িয়ে বেশ শান্ত আছেন বলেই জানালেন রোনালদো। জুভেন্তাস তারকার ভাষায়, ‘আমি শান্ত আছি কেননা আমি দলের ক্ষমতা এবং সম্ভাবনা সম্পর্কে জানি। সামনে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ আছে।’
