টঙ্গীতে বিশ্ব ইজতেমা প্রস্তুতি কাজের উদ্বোধন

সুষ্ঠুভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সকল প্রস্তুতির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ----------------- যুব প্রতিমন্ত্রী

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২২:১২

g  টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা

টঙ্গীতে ৫৫তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের লক্ষ্যে ইজতেমা মাঠের প্রস্তুতি কাজ রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। স্থানীয় এমপি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রস্তুতি কাজের উদ্বোধন করেন। যুব মন্ত্রী উদ্বোধন অনুষ্ঠানে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠুভাবে বিশ্ব ইজতেমা অনুষ্ঠান আয়োজনে সকল প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন। এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠান দুই পক্ষকে একত্রিত করে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি সুষ্ঠুভাবে ইজতেমা আয়োজন এবং সম্পন্ন করার আহ্বান জানিয়ে ইজতেমা মুরুব্বিদের উদ্দেশ্যে বলেন, সংযত মনোভাব এবং সহমর্মিতার মাধ্যমে কোনো বিশৃঙ্খলার মধ্যে না গিয়ে ইসলামের দাওয়াত চালিয়ে যাওয়াই হচ্ছে একজন প্রকৃত মুসলমানের কাজ। গতবারের মতো এবারও যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে সেদিকে নজর রাখার জন্য দুই পক্ষের মুরুব্বিদের প্রতি তিনি আহবান জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জিএমপি পুলিশ কমিশনার আনোয়ার হোসেন, মুফতি মাসুদুল করিম, ময়দানের জিম্মাদার ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন খন্দকার, মুফতি লেহাজ উদ্দীন, মুফতি কেফায়েত উল্লাহ, মাওলানা জাকির হোসেন প্রমুখ। মন্ত্রী বলেন, গতবারের বিশৃঙ্খলার কারণে এবার ইজতেমা ময়দানে কোনো পক্ষকে জোড় ইজতেমা আয়োজনের সুযোগ দেওয়া হচ্ছে না।