স্পোর্টস ডেস্ক
ভারতের হকি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার ৪৩ বছরের স্বপ্ন আরো প্রলম্বিত হলো কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরে। অপরদিকে এই বিশ্বকাপেও ব্যর্থতার কারণে পাকিস্তানের হকি ফেডারেশনে পরিবর্তনের দাবি উঠেছে। এ প্রেক্ষাপটেই আজ ভারতের ভুবনেশ্বরে অনুষ্ঠিত হবে বিশ্ব আসরটির সেমিফাইনাল।
এ সেমিফাইনালে অলিম্পিকে রৌপ্য জয়ী বেলজিয়াম ও ইংল্যান্ড এবং বিশ্বের এক নম্বর দল অস্ট্রেলিয়া ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস পরস্পরের মুখোমুখি হবে। উভয় খেলার বিজয়ীরা আগামিকাল রবিবার ফাইনাল খেলবে।
স্বাগতিক ভারত গত বৃহস্পতিবার রাতে শুরুতে এগিয়ে গিয়েও নেদারল্যান্ডের কাছে ১-২ গোলে পরাজিত হয়। তবে এই হারের জন্য ভারতের প্রধান কোচ হরেন্দ্র সিং দুর্বল আম্পায়ারিংকে দায়ি করেন। এ ব্যাপারে বিশ্ব সংস্থাকেও অগ্রণী হতে আহ্বান জানান তিনি। হরেন্দ্র সিং অবশ্য এ জন্য প্রতিবাদ জানাবেন না বলেও উল্লেখ করেন।
জিতলে এটা হতো ৪৩ বছর পর ভারতের আবার বিশ্বকাপ হকির সেমিফাইনালে ওঠা। অবশ্য ক্রীড়াক্ষেত্রে ভারতের তীব্র প্রতিদ্বন্দ্বী পাকিস্তান এ আসরের কোয়ার্টার ফাইনালেও উঠতে পারেনি। তাই সেদেশে এখন তীব্র সমালোচনার ঝড়। বিশেষ করে গ্রুপ পর্বে পাকিস্তান একটি খেলাতেও জিততে না পারায়। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা জার্মানির কাছে ১-০ গোলে পরাজয়ের পর মালয়েশিয়ার সাথে ১-১ ড্র শেষে ডাচদের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়। এরপর দ্বিতীয় রাউন্ডে বেলজিয়ামের কাছে ৫-০ গোলে হারে।
পাকিস্তানের দুই নামী সাবেক তারকা মঞ্জুর উল হাসান সিনিয়র ও সামিউল্লা খান সেদেশের ফেডারেশনের বর্তমান কর্মকর্তাদের বিদায় দাবি করেন। তারা মনে করেন দলের ব্যর্থতার জন্য দায়ী এই কর্মকর্তারাই।
উভয় অলিম্পিয়ান ডন পত্রিকাকে বলেন, ‘বিশ্বকাপে পাকিস্তানের এই করুণ ফল দেখিয়েছে পরিকল্পনা ও প্রস্তুতি বলতে কিছুই ছিল না। এ জন্য পিএইচএফ কর্মকর্তাদের উচিত শিগগীরই পদত্যাগ করা। তারা তা না করলে সরকারের উচিত হস্তক্ষেপ করা।’
এর মধ্যে মঞ্জুর উল হাসান বলেন, ‘বিশ্বমানের একটা দল প্রস্তুত না করে বর্তমান পিএইচএফ কর্তৃপক্ষ জেলা ও প্রদেশের পাল্টাপাটি কমিটি করছে। যাতে করে ভোটে জিতে ফেডারেশনে থাকা যায়। এছাড়াও পিএইচএফ ঘরোয়া পর্যায়ে অবকাঠামোর উন্নয়নে ব্যর্থ হয়েছে। সাম্প্রতিক বছরগুলোয় পাকিস্তানের ক্রমাবনতির কারণ এটাই।’
