কর্মচারীর সঙ্গে প্রেম করায় ম্যাকডোনাল্ড বস বরখাস্ত!

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ১৮:০৯

নিজ প্রতিষ্ঠানের কর্মচারীর সঙ্গে প্রেম করায় ফাস্ট ফুড জায়ান্ট ম্যাকডোনাল্ড তাদের প্রধান নির্বাহী স্টিভ ইস্টারবুককে (৫২) বরখাস্ত করেছে। কোম্পানির আইন ভঙ্গ করার অভিযোগ এনে ইস্টারবুককে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ম্যাকডোনাল্ড কর্তৃপক্ষ। খবর বিবিসি’র। 

ম্যাকডোনাল্ড কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, নিজ প্রতিষ্ঠানের কর্মচারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে  স্টিভ কোম্পানির আইন লঙ্ঘন করেছেন। সম্পর্কটি সম্মতিসূচক হলেও এটি কোম্পানির সঙ্গে মানানসই নয়। 

প্রতিষ্ঠানের কর্মীদের উদ্দেশ্যে এক ইমেইল বার্তায় স্টিভ ভুল স্বীকার করে বলেন, কোম্পানির মূল্যবোধকে সম্মান জানিয়ে তিনি পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে তার সরে যাওয়াই শ্রেয়।

আরও পড়ুন: নতুন আইন কার্যকর শুরু হলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে: ডিএমপি কমিশনার

স্টিভের ব্যাপারে সিদ্ধান্ত নিতে শুক্রবার ম্যাকডোনাল্ডের পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে ভোট হয়। বরখাস্ত করার পর স্টিভ প্রতিষ্ঠানটির  সভাপতি এবং পরিচালনা পর্ষদের সদস্যের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। 

স্টিভ ২০১৫ সালে ম্যাকডোনাল্ডের প্রধান নির্বাহী হিসেবে যোগ দেন। এর আগে তিনি পিৎজা এক্সপ্রেসের হয়ে কাজ করেছেন। স্টিভের নেতৃত্বে ম্যাকডোনাল্ড ব্যবসায়ের ক্ষেত্রে বেশ ঈর্ষনীয় সাফল্য লাভ করেছে। 

ইত্তেফাক/এসইউ