চিলমারীতে ইট দিয়ে মাথা থেঁতলিয়ে মাদ্রাসাছাত্রকে হত্যা

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ১৮:১০

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় শাকিল (১০) নামে আলহাজ্ব মরহুম রজব উদ্দিন নূরানি ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্রকে  নির্মমভাবে খুনের ঘটনা ঘটেছে। সোমবার মো. রেজাউল করিম রেজা (৩৫) নামে এক যুবক ইট দিয়ে থেঁতলিয়ে ওই মাদ্রাসাছাত্রকে হত্যা করে।

প্রত্যক্ষদর্শী রফিয়াল (৩৮), জোবায়ের (১৮), হাফিজ উদ্দিন (৫৫) ও জোবাইদুল ইসলাম (২৫) ও মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থীরা জানান, প্রতিদিনের মতো সোমবার সকাল সাড়ে ৮টায় শাকিল মাদ্রাসায় পড়তে আসে। এসে দেখে মাদ্রাসাটির হুজুর  শাহাজালাল তখনও মাদ্রাসায় আসেননি। তখন শাকিল  মাদ্রাসার ভিতরে  সহপাঠীদের সঙ্গে গল্পগুজব করছিল। এ সময় বহরের ভিটা গ্রামের মৃত সামছুল হকের মাদকাসক্ত পুত্র রেজা মাদ্রাসার দরজায় এসে উঁকিঝুঁকি দিচ্ছিল। ওই যুবককে দেখে শাকিল বলে, 'তোমাকে দেখলে সব ছাত্র-ছাত্রী ভয় পায়। তুমি এখান থেকে চলে যাও।' এ সময় রেজা ক্ষিপ্ত হয়ে শাকিলকে ক্লাস থেকে টেনে-হিঁচড়ে বের করে প্রথমে তার পা ধরে শূন্যে কিছুক্ষণ ঘুরায় এবং এরপর মাদ্রাসা সংলগ্ন চাতালের দক্ষিণ-পূর্ব পাশে নিয়ে সবার সামনেই শাকিলের মাথা একটি ইটের উপরে রেখে, আরেকটি ইট দিয়ে থেঁতলিয়ে দেয়। 

শাকিলের সহপাঠী জাহিদ (১০) ও মোছা. সারা খাতুন (৯) জানায়, রেজা যখন শাকিলকে ক্লাস থেকে টেনে-হিঁচড়ে বের করে নিয়ে যায়। এ সময় ছাত্র-ছাত্রীদের চিৎকার শুনে কসাই মান্নার ছেলে রেজাউল দৌড়ে এসে খুনি রেজাকে জাপটিয়ে ধরে। এরপর গ্রামবাসীরা এসে রেজাকে চাতাল সংলগ্ন গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে আটকিয়ে থানায় সংবাদ দেয়।

অপরদিকে গুরুতর অসুস্থ অবস্থায় গ্রামবাসীরা শাকিলকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে আসে। সেখানে কর্তব্যরত ডাক্তার শাকিলের প্রাথমিক চিকিৎসা করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রেফার করে। রংপুর নিয়ে যাওয়ার পথে উলিপুরের গুনাইগাছ এলাকায় এ্যাম্বুলেন্সই শাকিল মৃত্যুর কোলে ঢলে পরে। সন্তানের নির্মম মৃত্যুর খবর শুনে শাকিলের বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়ে এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

গ্রামবাসীরা জানায়, রেজা দীর্ঘদিন যাবত বিভিন্ন নেশায় অভ্যস্ত ছিল। নেশার টাকা সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন সময় চুরিসহ অবৈধ কাজের সঙ্গে লিপ্ত ছিল। এ সময় তারা রেজার বিচার দাবি করেছি। 

এ ব্যাপারে চিলমারী থানা অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, খুনি রেজাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ইত্তেফাক/জেডএইচডি