রে সি পি

শীতে ধোঁয়া ওঠা স্যুপ

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ২০:০৫

শীত এখন দরজায় কড়া নাড়ছে। এ সময়টায় এক বাটি গরম গরম স্যুপ হলে চমত্কার হয়। কারণ এটি শুধু স্বাদের দাবি না, শরীরের পুষ্টিচাহিদাও পূরণ করে দারুণভাবে। স্যুপের রেসিপিগুলো দিয়েছেন ফাহা হোসেন

এগ ক্যারট স্যুপ

উপকরণ :ডিম ৪টি, গাজর মিহি কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ মিহি কুচি ১ টেবিল চামচ, রসুন কুচি ১/২ চা চামচ, গোল মরিচের গুঁড়া ১/৪ চা চামচ, কর্ন ফ্লাওয়ার ১ টেবিল চামচ, চিকেন স্টক ১/২ লিটার, চিনি ১/২ চা চামচ, লেমন গ্রাস ১টি, বাটার ১/২ চা চামচ।

প্রণালি :প্রথমে প্যানে বাটার গরম করে তাতে গাজর কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, গোল মরিচের গুঁড়া এবং লেমন গ্রাস কুচি দিয়ে হালকা নেড়েচেড়ে সতে করে তাতে চিকেন স্টক দিয়ে দিন। এবার অল্প পানিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে তাতে যোগ করুন চিনি। মিশ্রণটি ঢেলে দিয়ে হালকা হালকা নাড়তে থাকুন। স্যুপ হালকা ঘন হয়ে এলে তাতে ডিমগুলো একটা বাটিতে ভালোভাবে ফেটিয়ে নিয়ে সুপে দিয়ে ২/৩ বার নাড়া দিয়েই চুলা বন্ধ করে ঢেকে দিন। ৫ মিনিট পর গরম গরম পরিবেশন করুন।

 

ক্যারট স্যুপ

উপকরণ :গাজর ১ কাপ, চিকেন স্টক ১ কেজি, গোলমরিচের গুঁড়া ১/৪ চা চামচ, লেমন গ্রাস ১ টেবিল চামচ, বাটার ১/২ চা চামচ, ভেজিটেবল অয়েল ১/২ চা চামচ, ফ্রেশ ক্রিম ৩ টেবিল।

প্রণালি :প্রথমে প্যানে ভেজিটেবল অয়েল দিয়ে তাতে গাজর কুচি দিয়ে সেটা সতে করে, তাতে চিকেন স্টক দিয়ে গাজর সিদ্ধ করতে দিন। গাজর সিদ্ধ হয়ে এলে হালকা ঠাণ্ডা করে সেটা ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নিন। এবার প্যানে বাটার গরম করে তাতে  ব্লেন্ড করে রাখা মিশ্রণটি ঢেলে দিয়ে, তাতে লেমন গ্রাস, গোলমরিচের গুঁড়া ও ফ্রেশ ক্রিম দিয়ে ৫ মিনিট বলগ তুলে নিন। গরম গরম পরিবেশন করুন।

 

পটেটো ব্রোকলি প্রন স্যুপ

উপকরণ :চিংড়ি ৬টি, আলু ১টি, ব্রোকলি ১/২ কাপ, ফ্রেশ ক্রিম ৩ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া ১/৪ চা চামচ, চিকেন স্টক ১/২ লিটার, পেঁয়াজ পাতা ১ চা চামচ, গোলমরিচের গুঁড়া ১/৪ চা চামচ, বাটার ১/২ চা চামচ।

প্রণালি :প্রথমে প্যানে বাটার গরম করে তাতে কেটে রাখা আলু এবং খোসা মাথা ছাড়িয়ে রাখা চিংড়ি হালকা সতে করে নেবেন। এরপর এতে চিকেন স্টক দিয়ে আলু সিদ্ধ হতে দিন। সিদ্ধ হয়ে এলে হালকা ঠাণ্ডা করে নিন। এবার ব্লেন্ডারে পুরো মিশ্রণটি ব্লেন্ড করে নিন। এবার সুপের প্যানে আলুর মিশ্রণটি দিয়ে তাতে ব্রোকলিগুলো দিয়ে তাতে ফ্রেশ ক্রিম, গোলমরিচের গুঁড়া দিয়ে বলগ আসা পর্যন্ত অপেক্ষা করুন। বলগ আসলে পেঁয়াজ পাতা চুলা বন্ধ করে ঢেকে দিন। ৫ মিনিট পর গরম গরম পরিবেশন করুন।

 

ক্রিমি টমেটো স্যুপ

উপকরণ :পাকা টমেটো ১ কাপ, চিকেন স্টক ১ কেজি, গোলমরিচের গুঁড়া ১/৪ চা চামচ, লেমন গ্রাস ১ টেবিল চামচ, বাটার ১/২ চা চামচ, ভেজিটেবল অয়েল ১/২ চা চামচ, ফ্রেশ ক্রিম ৩ টেবিল।

প্রণালি :প্রথমে প্যানে ভেজিটেবল অয়েল দিয়ে তাতে টমেটো কুচি দিন, সেটা সতে করে, তাতে চিকেন স্টক দিয়ে গাজর সিদ্ধ করতে দিন। গাজর সিদ্ধ হয়ে এলে হালকা ঠাণ্ডা করে সেটা ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নিন। এবার প্যানে বাটার গরম করে তাতে ব্লেন্ড করে রাখা মিশ্রণ ঢেলে দিন। তাতে লেমন গ্রাস, গোলমরিচের গুঁড়া ও ফ্রেশ ক্রিম দিয়ে ৫ মিনিট বলগ তুলে নিন। গরম গরম পরিবেশন করুন ক্রিমি টমেটো স্যুপ।