এরদোগানের বক্তব্যের জবাবে পেন্টাগনের প্রতিক্রিয়া
এএফপি ও রয়টার্স
সিরিয়ায় কুর্দিবিরোধী তুরস্কের একতরফা অভিযান মানবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে সিরিয়ায় পূর্বাঞ্চলে মার্কিন সামরিক জোটের সহায়তায় আইএস নিয়ন্ত্রিত আরেকটি শহর পুনরুদ্ধার করেছে সিরীয় বিদ্রোহীরা। এ দিকে, দেশটিতে মানবিক সহায়তার মেয়াদ আরো এক বছর বাড়িয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন হুঁশিয়ার করে দিয়ে বলেছে, সিরিয়ার উত্তরাঞ্চলে কোনো একতরফা সামরিক অভিযান ‘গ্রহণযোগ্য হবে না’। যুক্তরাষ্ট্র-সমর্থিত কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে শিগগিরই অভিযান শুরু করবে, তুরস্কের এমন ঘোষণার পর এ হুঁশিয়ারি দেওয়া হলো। পেন্টাগনের মুখপাত্র কমান্ডার সিয়ান রবার্টসন এক বিবৃতিতে বলেন, ‘সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে যেকোনো পক্ষের একতরফা সামরিক পদক্ষেপ গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে বলা হয়, ‘আমরা এ ধরনের পদক্ষেপ মেনে নেবো না।’ রবার্টসন বলেন, ‘যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে কাজের সমন্বয় ও আলোচনা করেই এই এলাকার নিরাপত্তা ইস্যুটি সমাধান করতে হবে।’ তিনি আরো বলেন, ‘আমরা ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। সমপ্রতি সিরিয়া প্রশ্নে সহযোগিতা, সমন্বয় ও আলোচনা জোরদারের জন্য আমাদের তুরস্কের অংশীদারদের সাথে উচ্চ পর্যায়ের একটি কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।’ প্রসঙ্গত, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান জানান, কুর্দিশ পিপলস প্রটেকশন ইউনিটের (ওয়াইপিজি) বিরুদ্ধে তুরস্ক ‘কয়েকদিনের মধ্যেই’ অভিযান শুরু করতে যাচ্ছে। তুরস্ক সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পাটির (পিকেকে) শাখা হিসেবে মনে করে। কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ) জোটের আওতায় ওয়াইপিজির সাথে মার্কিন বাহিনী ঘনিষ্ঠভাবে কাজ করছে। সিরীয় সরকারবিরোধী এই জোট ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এরই মধ্যে সিরিয়ায় পূর্বাঞ্চলে মার্কিন সামরিক জোটের সহায়তায় অভিযান চালিয়ে জঙ্গিগোষ্ঠী আইএস-নিয়ন্ত্রিত সর্বশেষ একটি শহর পুনরুদ্ধার করেছে সিরিয়ার বিদ্রোহী বাহিনী। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, আইএসের নিয়ন্ত্রণে থাকা হাজিন শহর পুনরুদ্ধার করেছে বিদ্রোহী বাহিনী। ইরাক সীমান্তে অবস্থিত এই শহরে পাঁচ হাজার সশস্ত্র জিহাদি ছিল বলে জানিয়েছেন এক মার্কিন কমান্ডার।
