সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ যুব দল এরই মধ্যে অনেক দাপট দেখিয়েছে। বড়ো দৈর্ঘ্যের ম্যাচেও এবার শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে তারা। দ্বিতীয় চার দিনের ম্যাচে দ্বিতীয় ইনিংসে ১৭ রানের লিড নিতে পেরেছে সফরকারী শ্রীলঙ্কা; হাতে আছে মাত্র পাঁচ উইকেট। আজ অনুষ্ঠিত হবে শেষ দিনের খেলা।
খুলনায় প্রথম ইনিংসে ১৮৪ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশ ৩৫৪ রান করে। আর দ্বিতীয় ইনিংসে গতকাল তৃতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত পাঁচ উইকেটে ১৮৭ রান করেছে লঙ্কানরা।
আট উইকেটে ৩২১ রান নিয়ে গতকাল তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এদিন রানটা আর খুব বেশি আগে বাড়তে পারেনি। ৩৫৪ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। এই ইনিংসে দুই রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন প্রান্তিক নওরোজ নাবিল। আর ৭২ রানের ইনিংস খেলেছেন আলভি হক।
জবাবে দ্বিতীয় ইনিংসে আগের চেয়ে একটু ভালো করে শ্রীলঙ্কা। ওপেনার উইক্রিমাসিংহে ২৪ ও থাবিসা ১৮ রান করেন। এরপর দিনুশা ৫৫ ও রাশান্থা ৩৩ রান করে দলকে এগিয়ে নিয়ে যান। অধিনায়ক পেরেরা ২৯ রান করে উইকেটে আছেন।
বাংলাদেশের হয়ে মেহেদী হাসান ৩৯ রানে তিন উইকেট নিয়েছেন। আর একটি করে উইকেট নিয়েছেন মেহরাব ও নাবিল।
