চুয়াডাঙ্গায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কার্যালয়ে সোমবার দুপুরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় তিন দালালকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসক কার্যালয় এলাকায় অবস্থিত বিআরটিএ অফিসে এ অভিযান চালায় দুদক। এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়াশীমুল বারী।
দণ্ডিতরা হলো—চুয়াডাঙ্গা শহরের সাদেক আলী মল্লিকপাড়ার এসএম আসাবুল হকের ছেলে মো. ইমরান, কেদারগঞ্জের মৃত ইসলাম উদ্দিনের ছেলে উজ্জ্বল হোসেন এবং সাদেক আলী মল্লিকপাড়ার মৃত সাবদার হোসেনের ছেলে আশরাফুজ্জামান বকুল। কুষ্টিয়া দুর্নীতি দমন সমন্বিত কার্যালয়ের (দুদক) উপপরিচালক মো. জাকারিয়া হোসেন জানান, বিআরটিএ অফিসে সেবা গ্রহীতার কাছ থেকে অতিরিক্ত অর্থের প্রলোভন দেখিয়ে সুবিধা দেওয়া হয়, এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় হাতেনাতে তিন জন দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সরকারি কর্মচারীদের রেকর্ডপত্র দেখে ব্যবস্থা নেওয়া হবে।
