রাজশাহী ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ২২:০৬

ইত্তেফাক ডেস্ক

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সিরাজগঞ্জে নিহত হয়েছেন একজন।

স্টাফ রিপোর্টার, রাজশাহী:রাজশাহী মহানগরী ও পুঠিয়ায় পৃথক ট্রাকের ধাক্কায় দুই নারীসহ ৩ ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভ্যানচালকসহ আরও ৫ জন আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাক স্থানীয় জনতা আটক করলেও চালক ও সহকারী পালিয়েছে। শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার পৌর এলাকার গোপাল হাটি ফকিরপাড়া ঢালান নামক এলাকার ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মহনগরীর সিটি বাইপাস টমটমের মোড়ে বালুবাহী ট্রাকের ধাক্কায় পথচারী তোফাজ্জল হোসেন (৫৫)  গুরুতর আহত হন। তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মতিহার থানা পুলিশের বাবুচি তোফাজ্জল নগরীর ডিঙ্গাডোবা এলাকার বাসিন্দা ছিলেন।

অন্যদিকে শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের পুঠিয়ার গোপালহাটি ফকিরপাড়া ঢালান এলাকায় ট্রাক চাপায় নিহতরা হলেন পুঠিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড ধনঞ্জয়পাড়া গ্রামের ধীরেন বিশ্বাসের স্ত্রী সুরজি বিশ্বাস (৩৫) ও একই গ্রামের সেমল বিশ্বাসের স্ত্রী শিউলি বিশ্বাস (২৫)। আহতরা হলেন, ধনঞ্জয়পাড়া গ্রামের মৃত ধিরু বিশ্বাসের স্ত্রী রমনি বিশ্বাস (৪০), একই গ্রামের নিরেন বিশ্বাসের স্ত্রী মেরি বিশ্বাস (৩৫), রাবেয়া খাতুন, বিমলা বেগম ও ভ্যানচালক সলিল। আহত রমনি বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে জাহিদুল ইসলাম নামে (৩২) সেনাবাহিনীর এক ল্যান্স কর্পোরাল নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। তাদের সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জাহিদুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আসান নগরের নজরুল ইসলামের ছেলে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ জানান, রাত ১২টার দিকে ঢাকা থেকে একটি ট্রাক কয়েকজন যাত্রী নিয়ে উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিল। ট্রাকটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের গোল চত্বর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল জাহিদুল ইসলাম নিহত ও অন্তত ৭ যাত্রী আহত হয়। খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। নিহত জাহিদুল ইসলাম রংপুর সেনানিবাসে কর্মরত ছিলেন। মিশনে যাওয়ার জন্য তিনি টাঙ্গাইল জেলার ঘাটাইল সেনানিবাসে এসেছিলেন। তিন দিনের ছুটিতে তিনি ঘাটাইল থেকে ট্রাক যোগে চুয়াডাঙ্গায় বাড়ি ফিরছিলেন।