বাঘায় খাল থেকে দগ্ধ যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ২২:০৬

বাঘা (রাজশাহী) সংবাদদাতা 

রাজশাহীর বাঘায় খাল থেকে আগুনে দগ্ধ আরিফ হোসেন (১৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ গ্রাম উপজেলার পূর্ব ভারতিপাড়া থেকে এই লাশ উদ্ধার করা হয়।

পারিবারিকসূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে বাজারের উদ্দেশে বের হয় আরিফ। এরপর সে আর বাড়ি ফিরেনি। পরিবার ধারণা করছিল আরিফ হয়ত তার কোনো বন্ধু কিংবা মামার বাড়ি যেতে পারে।

ভারতিপাড়া গ্রামের রওশনারা বেগম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মাঠে ছাগল আনতে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে আরিফের বাড়ি থেকে ৫-৭’শ গজ পশ্চিমে দুই আম বাগানের মাঝখানে একটি খালে লাশ দেখে চিত্কার দিয়ে উঠেন। এসময় তার চিত্কার শুনে প্রতিবেশীরা গিয়ে আরিফের লাশ শনাক্ত করেন এবং থানা পুলিশকে খবর দেন।

আরিফের পিতা মহির উদ্দীন জানান, প্রতিবেশীর সঙ্গে জমিজমা নিয়ে তার বিবাদ রয়েছে। এছাড়া ওই এলাকার আর কারও সঙ্গে তার কোনো বিরোধ নেই। জানি না কি অপরাধে কারা আমার ছেলেকে নির্মমভাবে খুন করেছে। এ ঘটনার সঙ্গে যারাই সম্পৃক্ত থাক না কেন আমি তাদের বিচার চাই। বাঘা থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করেছেন দুষ্কৃতকারীরা আরিফের হাত-মুখ বেঁধে তার শরীরে কেরোসিন অথবা পেট্ট্রোল ঢেলে হত্যা করেছে।