যুবলীগ নেতা হত্যা মামলা
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়ন যুবলীগ নেতা মো. হানিফ (২৪) হত্যা মামলায় বুধবার রাতে সুধারাম থানায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩৬৫ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সুমন একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনায় গত দুই দিনে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ওসি আনোয়ার হোসেন জানান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. শাহজাহানকে এ মামলার প্রধান আসামি করা হয়েছে। গত বৃহস্পতিবার সদর ও সুবর্ণচর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ জন ও এর আগের দিন বুধবার ছয়জনকে গ্রেফতার করা হয়। অভিযান অব্যাহত রয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান বলেন, হানিফ হত্যার বিচার পাওয়ার জন্য নয়, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঘায়েল করতে এবং নির্বাচন থেকে দূরে রাখতেই এই মামলা।
উল্লেখ্য, গত মঙ্গলবার এওজবালিয়া ইউনিয়নের নূর পাটোয়ারীরহাট এলাকার একটি বাড়িতে বিএনপির উঠান বৈঠক চলাকালে দুই পক্ষের সংঘর্ষে ওয়ার্ড যুবলীগ নেতা হানিফকে চোখে মরিচের গুঁড়া নিক্ষেপের পর ইট দিয়ে মাথা থেঁতলিয়ে পায়ে গুলি করে হত্যা করা হয়।
