স্বাধীনতা বিরোধীদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ায় ক্ষুব্ধ শহীদ পরিবারসহ স্বজনেরা। তারা বলেছেন, এ ধরনের ঘটনা আমাদের মনের কষ্ট শতগুণ বাড়িয়ে দিয়েছে। এটা কি মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে উপহাস করা নয়? বুদ্ধিজীবীসহ শহীদদের সঙ্গে বেঈমানি করা নয়? স্বাধীনতা বিরোধীরা যাতে কোনোভাবেই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না পায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের কাছে জোর দাবি জানিয়েছেন তারা।
গতকাল শুক্রবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেজিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে আয়োজিত আলোচনা সভায় তারা এ দাবি জানান। বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত আলোচক ছিলেন শহীদ ডা. আবদুল আলীম চৌধুরীর সহধর্মিণী ও বিশিষ্ট শিক্ষাবিদ শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. সারওয়ার আলী, বিএমএ’র সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. মাহমুদ হাসান, বিএমএ’র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।
সভায় শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী বলেন, শহীদদের রক্তে ভেজা বাংলাদেশে শহীদদের অবমাননা হতে পারে না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতা বিরোধীদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এটা কি মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে উপহাস করা নয়? বুদ্ধিজীবীসহ শহীদদের সঙ্গে বেঈমানি করা নয়? স্বাধীনতা বিরোধীরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাওয়ায় শহীদ বুদ্ধিজীবীসহ শহীদদের পরিবারবর্গের সদস্যদের স্বজন হারানোর বেদনা শতগুণে বাড়িয়ে দিয়েছে। এই নিষ্ঠুর অবস্থা থেকে পরিত্রাণের জন্য সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
সভা-প্রধানের বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ১৯৭১ সালের ১৪ আগস্ট বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্যই পাকিস্তানের সৈন্যরা বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। স্বাধীনতা বিরোধী গোষ্ঠী বর্তমানেও দেশের ভেতরে ও বাইরে সক্রিয় থেকে নানা চক্রান্ত ষড়যন্ত্র করে যাচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই চক্র অধিক তত্পর হয়ে উঠেছে। এ অবস্থায় বাংলাদেশকে রক্ষায় চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি যাতে ক্ষমতা আসতে পারে সেজন্য দেশবাসীকে আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে, যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীরাও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। এ অবস্থায় নির্বাচনে স্বাধীনতা বিরোধীরা যাতে কোনো ভাবেই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না পায় সেজন্য নির্বাচন কমিশনের কাছে জোর দাবি জানাচ্ছি।
বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল সকাল ৬টা ৪০ মিনিটে বঙ্গবন্ধুর ম্যুরালে এবং সকাল ৯টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, চিকিত্সক, কর্মকর্তা, নার্স ও মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারীবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। সকালে বিএসএমএমইউ’তে স্বেচ্ছায় রক্তদান, পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। জাতীয় এই দিবসে ভোরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
এ সময় সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, সিন্ডিকেট মেম্বার অধ্যাপক ডা. কাজী শহীদুল আলম, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
