সড়ক দুর্ঘটনায় দৈনিক ইত্তেফাকের কর্মী কামাল হোসেনের মৃত্যু

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ১৭:২১

রাজধানীর মাতুয়াইলে মা ও শিশু সদন হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় দৈনিক ইত্তেফাকের বার্তা বিভাগের এমএলএসএস (পিয়ন) কামাল হোসেন (৪৫) নিহত হয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার নুরবাগ সিএনজি মাঠে কামাল হোসেনের জানাজা হয়। এরপর নারায়ণগঞ্জের পাগলার শাহী মহল্লা কবরস্থানে তাকে দাফন করা হয়।

দৈনিক ইত্তেফাকে কাজের পাশাপাশি রাতে ভাড়ায় সিএনজি অটোরিকশা চালাতেন কামাল হোসেন। প্রতিদিনের মতো সোমবার রাত ১০টায় ইত্তেফাকের বার্তা বিভাগের ডিউটি শেষ করে সিএনজি নিয়ে বের হন তিনি। রাত ২টার দিকে সারুলিয়া এলাকায় নিজ বাড়িতে ফেরার পথে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে একটি ট্রাকের পিছনে তার সিএনজি অটোরিকশার ধাক্কা লাগে। এতে  সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। চালকের আসনে থাকা কামাল নিহত হন।

এ সময় আশেপাশের লোকজন লাশ উদ্ধার করে পরিবারকে খবর দেয়। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।

ইত্তেফাক/জেডএইচডি